সাত জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ, আহত অর্ধশতাধিক

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে আপন দুই ভাই,

2026-11-19T22:46:03+00:00
2026-11-19T22:46:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাত জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ, আহত অর্ধশতাধিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে আপন দুই ভাই, তরুণ মাছ ব্যবসায়ী, বাসের হেলপার, মোটরসাইকেল আরোহী ও তিন মাস বয়সি এক শিশু রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার ধামরাইয়ে এসব দুর্ঘটনা ঘটে। এর আগের দিন বুধবার সন্ধ্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাক বসতঘরে ঢুকে এক শিশুর মৃত্যু হয়।

চট্টগ্রামে প্রাণ গেল দুই ভাইয়ের : চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। 

তুষার কয়েকমাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তিনি এক সন্তানের বাবা। স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই মোটরসাইকেলে করে বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে নাজিরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়ায় বিয়ের দুই মাসেই শেষ সংসার : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় জিসান (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কাজীপাড়া সংলগ্ন গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়ার বদিরুল ইসলামের ছেলে। মাছ ব্যবসার কাজে কুমারখালী এসে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাত্র দুই মাস আগে করমদী গ্রামে তার বিয়ে হয়েছিল। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১ : ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও সিএনজিচালিত থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পিকআপচালক কে আটকের চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল থেকে ত্রিশাল সদরগামী একটি থ্রি হুইলার সাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি উল্টে যায় এবং চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি ত্রিশাল উপজেলার ইবাদ আলীর ছেলে। আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে হেলপার নিহত : ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনার পর সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন ভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার মধ্যে সড়কের বাঁকে দুই বাসের সংঘর্ষ হলে বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিন ভিউ পরিবহনের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাহাদাৎ নামের অন্য এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

দিনাজপুরে বসতঘরে ট্রাক, প্রাণ গেল তিন মাসের শিশুর : দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরে ঢুকে পড়লে তিন মাস বয়সি শিশু শাফির মৃত্যু হয়। বুধবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে চালকের লাইসেন্স, গাড়ির কাগজপত্র, অতিরিক্ত মালামাল বহন ও বেপরোয়া গতির বিষয়গুলো তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

ধামরাইয়ে কাভার্ড ভ্যান-বাস সংঘর্ষে আহত ২০ : ঢাকার ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ওভারটেক করে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের কাচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বাসের ভেতরে থাকা আরও ১৯ জন আহত হন। তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সময়ের আলো/প্রিন্ট/জোই
  বিষয়:   জেলা  সড়কে ঝরল  প্রাণ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: