আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সময়ের আলোগোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে গাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি আজ পর্যন্ত ভালো দেখেছেন। ভবিষ্যতেও পরিস্থিতি ভালো থাকবে বলে আশা করছেন তিনি। যারা গোপালগঞ্জকে অশান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তারা সংখ্যায় বেশি নয়। এই থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি নিজেরাই থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে?
পুলিশের জনবল সংকটের বিষয়টি তুলে ধরে আইজিপি আরও বলেন, গোপালগঞ্জের জনসংখ্যা প্রায় ১০ লাখ। অথচ একটি থানায় পুলিশ সদস্য রয়েছেন মাত্র ২০ জন। জনগণ সহযোগিতা ও মানসিক সমর্থন না দিলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? তবে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে গোপালগঞ্জে আসেন আইজিপি। তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করেন।
গোপালগঞ্জে আসার আগে আগুনে ক্ষতিগ্রস্ত মুকসুদপুর থানা পরিদর্শন করেন আইজিপি। পরে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশ নেন তিনি।
উল্লেখ্য, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। এ সময় দুটি থানা, সংসদ সদস্য, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর এবং বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
সময়ের আলো/জোই