নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীতনরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বেলাবো উপজেলার একটি শাখা কার্যালয়ের বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর এবং বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে পলাশের বাড়াচর শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শাখাটির নৈশপ্রহরী আফাজউদ্দিন বলেন, রাতে ঘুমিয়ে ছিলেন তিনি। হঠাৎ শব্দ শুনে এবং পোড়া গন্ধ পেয়ে গেট খুলে বাইরে আগুন দেখতে পান। পরে ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
শাখা ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ব্যাংকটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। এর একটি থেকে সামান্য আগুন জ্বলে, অন্যটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই রাতে বেলাবোর গাংকুলপাড়া শাখা কার্যালয় লক্ষ্য করেও আগুন নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি।
শাখা ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে আগুন ছুড়ে পালিয়ে যায়। তিনি ভবনের ওপরের তলায় থাকায় দ্রুত বিষয়টি জানতে পারেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সরল মরমু বলেন, রাত ৩টার পর দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/এসএকে