প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীতশেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না। তাদের হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন ‘আওয়ামী সন্ত্রাসী লীগ’। দলটির নেত্রী নিজের দল ও পরিবারকে ধ্বংস করেছেন। এখন দলের অন্য নেতাকর্মীদেরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে এবং বৈদেশিক বিনিয়োগ আসছে। এসব অগ্রগতি দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অস্বস্তিতে ভুগছে। তবে সন্ত্রাসীদের মোকাবিলায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
হুমায়ুন কবির বলেন, দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।
ভোররাতে নিজের বাসার গেটে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার বাসার গেটে আগুন দিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তাদের আচরণ তুলে ধরে তিনি বলেন, ‘একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না।’
তিনি আরও বলেন, ‘জয় বাংলা’ এখন জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে। ককটেল নিক্ষেপ করে নিচু স্বরে জয় বাংলা বলে হামলাকারীরা সরে পড়ে। সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ ও সরকার জানে।
এর আগে শুক্রবার ভোররাতে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার বাসা পরিদর্শন করেন। সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটে পৌঁছে নিজের বাসার পরিস্থিতি দেখতে যান প্রতিমন্ত্রী।
সময়ের আলো/জোই