নিহত আজিম সরকার। ছবি : সময়ের আলোকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে রাতের পাহারা দিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গফরগাঁওয়ের এক ছাত্রদল নেতা। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম সরকার (১৭) উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহিদ সরকারের ছেলে। তিনি চলতি বছর গফরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি যাতে হতে না পারে, সেজন্য বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশপথ শিবগঞ্জ বাজারে পাহারায় ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার ওই পথ দিয়ে যাওয়ার সময় পাহারারত নেতাকর্মীরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে চলে যান। এতে সন্দেহ আরও বেড়ে যায়। তখন আজিম সরকারসহ ছাত্রদলের তিনজন নেতাকর্মী একটি মোটরসাইকেলে করে গাড়িটির পিছু নেন। প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির সামনে গিয়ে গতিরোধের চেষ্টা করেন তারা।
এ সময় মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেলচালক আজিম সরকার।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) এবং প্রাইভেটকারের যাত্রী নান্দাইল উপজেলার চর ভেলামারি গ্রামের আলমগীর (২৬) ও তার স্ত্রী লিমা (২৪) আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিম সরকারকে মৃত ঘোষণা করেন।
পরে আহত রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলমগীর ও লিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, আহতদের পরীক্ষা-নিরীক্ষা করে আজিম নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
আহত প্রাইভেটকার যাত্রী আলমগীর জানান, রাতে শ্রীপুর মাস্টারবাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন তারা। শিবগঞ্জ বাজারের কাছে কয়েকজন লোক দেশীয় অস্ত্র হাতে গাড়ি থামাতে বলেন। ভয়ে চালক গাড়ি না থামিয়ে দ্রুত টান দেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। তবে তাদের শিশুসন্তান অক্ষত আছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সময়ের আলো/জোই