প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ। ছবি : সময়ের আলোকুষ্টিয়া শহরের মজমপুর রেলগেটে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, টোকাই সুমন (৪০) ও ভাঙারি দোকানদার রুহুল আমিন (৪০)।
তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার আব্দুর জব্বারের ছেলে এবং রুহুল আমিন জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
আহত সুমনের দাবি, সকালে বোতল ও জর্দার কৌটা কুড়িয়ে একটি বস্তায় ভরে রিকশায় করে মজমপুর রেলগেটে যান। পরে সেগুলো পাশের একটি ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে যান।
এ সময় বস্তাটি ওজন করার জন্য তুললে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক সময়ের আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল।
সুমন কোথা থেকে বস্তুটি পেয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত দুজনকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সময়ের আলো/জোই