প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম
নয়ন ওরফে গুরু পান্ডে। ছবি : সময়ের আলোবরিশালের আগৈলঝাড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে নয়ন ওরফে গুরু পান্ডে (৪০) নামে এক ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় নির্যাতন বন্ধ করতে তার ১১ বছর বয়সী ছেলে আকুতি জানালেও নির্যাতনকারীরা তাতে কর্ণপাত করেননি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনে গুরুতর আহত নয়ন বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে আহত নয়ন পান্ডে অভিযোগ করেন, মোবাইল ফোন চুরির অভিযোগে বৃহস্পতিবার রাতে একই এলাকার মৃত কানুন পান্ডের ছেলে বিএনপি কর্মী রবিন পান্ডে তাকে প্রথম দফায় মারধর করেন। পরে আরও হামলার আশঙ্কায় পরিবারের সদস্যদের নিয়ে নিজের বসতঘরের পাশে ছাগল রাখার ঘরে রাত কাটান তিনি।
নয়ন পান্ডের ভাষ্য, শুক্রবার সকালে বাথরুমে গেলে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিমাই পান্ডে, তার ভাতিজা শুভ্র ও নিরঞ্জন পান্ডে তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন। এরপর স্থানীয় কালু ব্যাপারির মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করা হয়।
এ সময় বাবার চিৎকার শুনে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী ছেলে শিবা পান্ডে এগিয়ে আসে। বাবাকে মারধর না করার জন্য সে নির্যাতনকারীদের কাছে অনুনয়-বিনয় করলেও তারা নির্যাতন বন্ধ করেননি। পরে সম্পর্কে নয়নের নাতি জামাতা রাবন চন্দ্র মারধরের প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
নয়ন পান্ডে আরও অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়ায় দীর্ঘদিন ধরে নিমাই পান্ডে ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এরই জেরে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে তাকে নির্যাতন করা হয়েছে। যে কালু ব্যাপারির মোবাইল চুরির অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি নয়নের।
সময়ের আলো/জোই