প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:১৪ এএম আপডেট: ২১.১১.২০২৬ ১০:১৭ এএম
চলছে টাকা গণনার কাজ। ছবি : সময়ের আলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে। ১৫টি লোহার সিন্দুক থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। নগদ টাকা ছাড়াও ছাড়াও আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এখন চলছে টাকা গণনার কাজ।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মসজিদের ১৫ টি লোহার দান সিন্দুক খোলার কাজ শুরু হয়।
এবার ৪ মাস ২৪ দিন পর মসজিদের দান সিন্দুকগুলো খোলা হয়। এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গিয়েছিল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।
টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। গণনার কাজে অংশ নেয় পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদীয়ার ২শ শিক্ষার্থী, রপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক মানুষ।
সাধারণ তিনমাস পর পর পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়। মসজিদ কর্তৃপক্ষ জানায়, মসজিদের দানের টাকায় এখানে একটি বহুতল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ করা হবে।
পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এ পর্যন্ত পাওয়া প্রায় ১৩০ কোটি টাকা ব্যাংকে জমা আছে।
এ ছাড়াও দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এ ছাড়া পাওয়া গেছে ১৭টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা।
জনশ্রুতি আছে, কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর মাঝখানে জেগে ওঠা চরে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল। ওই সাধকের মৃত্যুর পর সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়।
পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের অসংখ্য মানুষ মসজিদে দান করে থাকেন। দান সিন্দুক ছাড়াও প্রতিদিন শত শত মানুষ মসজিদে গরু, ছাগল, হাঁসমুরগি, বিভিন্ন ফলমূলসহ অন্যান্য দ্রব্য দান করেন। এসব জিনিস প্রতিদিন বিকেলে নিলামে বিক্রি করা হয়।
সময়ের আলো/এনএন