প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২৪ এএম
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ছবি : সংগৃহীতগোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. তৌহিদুল ইসলাম (৩০) ও রিফাত সরদার (২৫)। তাদের দুজনের বাড়ি খুলনার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সময়ের আলো/এনএন