প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ২:১৪ পিএম
গ্রেফতার মোছা. মানতাশা আরফিন মেঘলা। ছবি : সংগৃহীত দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) এসআরবি-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁদনগর মহল্লার ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেঘলা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। তিনি পার্বতীপুর থানার একটি নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচিতে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন বাদী মোছা. মুন্নি সরকার (৩৬) ও তার ছেলে মো. আবির নবি দোয়াদ (১৯)। এ সময় সেখানে প্রায় ৪০০ লোক উপস্থিত ছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনকারীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হামলায় বাদী ও তার ছেলে আহত হন। পরে একই দিন দুপুর দেড়টার দিকে আসামিরা বাদীর বাড়িতে গিয়ে ভাঙচুর, মালামাল ও স্বর্ণালংকার লুণ্ঠন করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাদী পার্বতীপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১২।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন