প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১১:২৫ এএম
সংগৃহীত ছবি কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত হলেন মো. রিয়াজ (২৯) ও মো. জাবের (৩২)। তারা উখিয়ার যথাক্রমে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর সি ব্লক এবং জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি ব্লকের বাসিন্দা।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার দুজন ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
সময়ের/জোই