ছবি : সময়ের আলোএকই সময়ে দুটি এমপিওভুক্ত মাদরাসায় চাকরি, দুই প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পিরোজপুরের জিয়ানগর উপজেলার এফ করিম আলিম মাদরাসর আরবি বিষয়ের প্রভাষক সরোয়ার হোসাইনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে অভিযোগের মুখে একটি প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দিবেন বলে তিনি স্বীকার করেছেন।
নথিপত্র অনুযায়ী, সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদরাসায় ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে যোগদান করেন। ওই প্রতিষ্ঠানে তার ইনডেক্স নম্বর ২০০৭৭৬৬। ২০০৪ সালের ১ মে তিনি এমপিওভুক্ত হন।
অন্যদিকে, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি জিয়ানগরের এফ করিম আলিম মাদরাসায় যোগদান করেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ প্রতিষ্ঠানে তার আরেকটি ইনডেক্স নম্বর এম-০০০১৩০০। প্রতিষ্ঠানটি ২০২০ সালের মে মাসে এমপিওভুক্ত হয়।
আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদরাসায় নথিতে দেখা যায়, ২০২০ সালের ৩১ মে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইনের কাছে পদত্যাগপত্র জমা দেন সরোয়ার হোসাইন। একই দিন পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়। পরে ৭ জুন তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদারও তা গ্রহণ করেন।
অন্যদিকে, এফ করিম আলিম মাদরাসায় এমপিওভুক্ত হওয়ার পর ওই মাসেই এরিয়াসহ এককালীন ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা বেতন উত্তোলন করেন সরোয়ার হোসাইন। ফলে আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার সময় এবং নতুন প্রতিষ্ঠানে এমপিও সুবিধা গ্রহণের সময়ের মধ্যে চাকরির সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগের বিষয়ে সরোয়ার হোসাইন বলেন, এফ করিম আলিম মাদরাসায় এমপিওভুক্ত না থাকা অবস্থায় তিনি আবু হুরায়রাহ মাদরাসায় ক্লাস করাতেন। নতুন প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে সেখানে যোগ দেন। তবে একই সময়ে দুটি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এফ করিম আলিম মাদরাসায় থেকে উত্তোলন করা টাকা ফেরত দেবেন বলেও জানান তিনি।
এফ করিম আলিম মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সরোয়ার হোসাইন তাদের প্রতিষ্ঠানে যোগ দেন। ২০২০ সালের মে মাসে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর থেকে তিনি নিয়মিত ক্লাস করিয়েছেন। দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি তারা সম্প্রতি জানতে পেরেছেন।
আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন বলেন, ২০০৩ সালের ২৭ জানুয়ারি সরোয়ার হোসাইন তাদের প্রতিষ্ঠানে যোগ দেন। ২০২০ সালের ৩১ মে পদত্যাগপত্র জমা দেওয়া পর্যন্ত তিনি ওই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন। পরে তারা জানতে পারেন, অন্য একটি প্রতিষ্ঠানে তার প্রভাষক পদে চাকরি হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযীযী বলেন, একই সময়ে দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই