গোলাম কিবরিয়া বরকত ও মাস্টার কবির হোসেন। ছবি : সংগৃহীত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে জমে উঠেছে নির্বাচনি আলোচনা। তফসিল ঘোষণা না হলেও গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণে মাঠে সক্রিয় তারা।
নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তবে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে কেন্দ্র করে শুক্তাগড় ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। স্থানীয় চায়ের দোকান, সামাজিক আড্ডা, অফিস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন নির্বাচনি আলোচনা। নিজেদের অনুসারীদের সক্রিয় রাখতে মতবিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন সম্ভাব্য প্রার্থীরা।
শুক্তাগড় ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২১ জুন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিউটি সিকদার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি আত্মগোপনে চলে যান। পরে প্রথমে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে শুক্তাগড়ে আলোচনায় রয়েছেন বিএনপি সমর্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী রাজাপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার কবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত না হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কেউ কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। তবে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও দুই পক্ষের প্রচার-প্রচারণা ও জনসংযোগে গতি বেড়েছে।
গোলাম কিবরিয়া বরকত স্নাতক ডিগ্রিধারী ও প্রবাসফেরত ব্যবসায়ী। তিনি শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা মরহুম মাওলানা ফজলুর রহমান ছিলেন একজন প্রখ্যাত আলেম। স্থানীয়দের ভাষ্য, নিজের উদ্যোগে এবং উপজেলা থেকে বরাদ্দ এনে ইউনিয়নের বিভিন্ন সড়ক মেরামত ও সংস্কার করেছেন বরকত। পাশাপাশি মসজিদ ও মন্দিরের জন্য সরকারি বরাদ্দের ব্যবস্থা, অসহায় মানুষের মধ্যে ঘরের টিন বিতরণ এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি।
অন্যদিকে, মাস্টার কবির হোসেন রাজাপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি শুক্তাগড় গ্রামের খানবাড়ির সন্তান। স্থানীয়দের মতে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকার মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন এবং রাস্তা, পুল ও সাঁকো মেরামতের মতো কাজে ভূমিকা রেখেছেন তিনি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলমত নির্বিশেষে স্থানীয়দের মধ্যে পরিচিতি পেয়েছেন জামায়াতের এই নেতা।
শুক্তাগড় ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৪৬১ জন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে এসব ভোটারের রায়েই নির্ধারিত হবে ইউনিয়নের পরবর্তী জনপ্রতিনিধি। একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন গড়তে কাকে দায়িত্ব দেবেন, সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/জোই