নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সময়ের আলোজাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেরোরিস্ট রাজনৈতিক দল। তারা সন্ত্রাস ও নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার-ড্রাইভারদের পুড়িয়ে মারে। যারা এসব করে, তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনি এলাকার জনগণের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
দুলু বলেন, ‘এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে আমরা ক্ষমতায় এসেছি মাত্র আট মাস। অথচ আট মাস না যেতেই আমাদের রাস্তায় নামতে হয়েছে। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষকে জানাতে চাই, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আপনারা ১৮ থেকে ২০ বছর সংগ্রাম করেছেন। গত ১২ ফেব্রুয়ারি দেশে সেই ভোট অনুষ্ঠিত হয়েছে। এরপর ১৭ তারিখ আমরা শপথ নিয়েছি। এখনো আট মাসও পার হয়নি।’
তিনি আরও বলেন, সরকারের মেয়াদের প্রায় সাড়ে চার বছর বাকি থাকতেই তাদের রাস্তায় নামতে হয়েছে। নাটোরসহ সারা দেশের মানুষকে দীর্ঘ ১৭ বছর জিম্মি করে রাখা সন্ত্রাসী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে তাদের এ অবস্থান। বিএনপি, তারেক রহমান কিংবা খালেদা জিয়া কখনো অগ্নিসংযোগ, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া বা মানুষকে আগুনে পুড়িয়ে হত্যার রাজনীতি করেননি বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান তুলে ধরে দুলু বলেন, ৫ আগস্টের আগে তারেক রহমান দেশে ফেরার পরিকল্পনা করেননি। তিনি বারবার বলেছেন, ৫ আগস্টের ঘটনাগুলো তারা ভুলে যেতে চান। কিন্তু আওয়ামী লীগ সেই সময়ের ঘটনাগুলো আবার বাংলাদেশের মানুষের সামনে নতুন করে তুলে ধরতে চায়।
সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদও স্বাভাবিক। তবে আওয়ামী লীগের প্রশ্নে কোনো রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য নেই বলে তিনি মন্তব্য করেন।
দুলু বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের মানুষ যেভাবে ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা থেকে সরিয়েছে, একইভাবে আগামী ডিসেম্বর, বিজয়ের মাসজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে থাকবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলার ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/জোই