‘অ্যান্টিভেনম দিয়েও বাঁচাতে পারলাম না কলিজার টুকরাকে’

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

‘আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের

2026-11-23T14:03:05+00:00
2026-11-23T14:03:05+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘অ্যান্টিভেনম দিয়েও বাঁচাতে পারলাম না কলিজার টুকরাকে’
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম 
শিশু আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
‘আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে আমার কলিজার টুকরা ছেলেকে হারালাম।’

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ওয়াফিকা আলিফ। মাত্র ২১ মাস বয়সী একমাত্র সন্তান আবদুল্লাহকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলতে গিয়ে সাপের কামড়ের শিকার হয় শিশুটি। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে। তিন বছর আগে ওসমান আলীর সঙ্গে ওয়াফিকা আলিফের বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল আবদুল্লাহ।


পরিবারের সদস্যরা জানান, রোববার রাত ৮টার পর বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। হঠাৎ তার কান্নাকাটি শুরু হলে প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেন তারা। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পেলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।

শিশুটির মা ওয়াফিকা আলিফ জানান, হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে পদ্ম গোখরা হিসেবে সাপটি শনাক্ত করেন। চিকিৎসক অ্যান্টিভেনম দিলেও আমার ছেলেকে বাঁচানো গেল না।

শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অ্যান্টিভেনম দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিতা দাশ জানান, সাপের কামড় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পান তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   অ্যান্টিভেনম  বাঁচাতে  কলিজার টুকরা  বোয়ালখালী  চট্টগ্রাম  সাপের কামড়  দাগ  হাসপাতাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: