নতুন ব্যাগ, খাতা-কলমসহ শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালযয়ের শিক্ষার্থীরা । ছবি : সময়ের আলোবান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড় আর সাঙ্গু নদীর বাঁক পেরিয়ে মেঘের কোলে গড়ে ওঠা জনপদ তিন্দু। যেখানে প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পাহাড়ি মানুষের প্রতিদিনের কঠিন জীবনসংগ্রাম। সেই দুর্গমতাকে জয় করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’-এর সব শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)।
নতুন ব্যাগ, খাতা-কলমসহ শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান, বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের অধিকাংশই সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে পাশে দাঁড়ানোয় এসবিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসবিজির এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড প্রেস মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদুর রহমান বলেন, বিষয়টি জানার পর এসবিজির চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে অবহিত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
মাসুদুর রহমান আরও বলেন, বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিদ্যালয়টির শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পাশে থাকার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিবেত খুমী ও নবম শ্রেণির শিক্ষার্থী সুমিয়া অং খুমী। তারা জানায়, নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে তাদের খুব ভালো লাগছে। এটি তাদের জন্য আনন্দের পাশাপাশি পড়াশোনায় উৎসাহ জোগাবে।
এ দিকে, বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম। পাহাড়ি পথ ও সাঙ্গু নদী পেরিয়ে এখানে যাতায়াত করতে হয়। এ অঞ্চলের শিশুদের জন্য প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কঠিন। তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের প্রায় ১৯ কিলোমিটারের মধ্যে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে তিন্দু ছাড়াও রিমাক্রি, বলিপাড়া ও থানচি সদর ইউনিয়নের দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।
বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার জুমচাষ ও দিনমজুরির ওপর নির্ভরশীল। নিত্যদিনের সংসার চালাতেই হিমশিম খেতে হয় এসব পরিবারকে। সন্তানদের স্কুল ব্যাগ, খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনে দেওয়াও অনেক অভিভাবকের জন্য কঠিন। আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনেও রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। তিন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মং প্রু অং মারমা জানান, ২০০৩ সালে এলাকায় এসএসসি পাস করা কোনো শিক্ষার্থী খুঁজে না পেয়ে তিনি শিক্ষার প্রসারে উদ্যোগী হন। এরই ধারাবাহিকতায় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক একর জমি দান করেন তিনি।
২০২০ সালে প্রায় ৫৬ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও আর্থিক সংকটের কারণে শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের অভিভাবকদের আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষকদের বেতন-ভাতাও অনিশ্চিত হয়ে পড়ে। একপর্যায়ে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে রাখাই কঠিন হয়ে যায়।
এমন পরিস্থিতিতে বিদ্যালয়টি টিকিয়ে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে শিক্ষকতার পাশাপাশি তিনি সাঙ্গু নদীতে নৌকা চালিয়ে আয় করেন। সেই অর্থ দিয়ে বিদ্যালয়ের ব্যয় ও শিক্ষকদের বেতন জোগানোর চেষ্টা করেন তিনি। তার এই আত্মত্যাগের খবর দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে ওই বছরের অক্টোবরে বিশেষ সম্মাননাও পান তিনি।
প্রধান শিক্ষকের এই সংগ্রাম সরকারের নজরেও আসে। ২০২৬ সালের ২৮ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যালয়টি জাতীয়করণের নির্দেশনা দিয়েছেন। পরে ১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করা হয়।
সরকারি স্বীকৃতি পাওয়ায় বিদ্যালয়টির দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। তবে দুর্গম এলাকার দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে এখনো প্রয়োজন বাড়তি সহযোগিতা। এমন বাস্তবতায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শিক্ষা উপকরণ বিতরণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা।
তাদের প্রত্যাশা, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে তিন্দুসহ আশপাশের দুর্গম পাহাড়ি জনপদের শিশুদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।
সময়ের আলো/এসকে