প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম
৮ কোটি টাকার হেরোইন উদ্ধার। ছবি : সময়ের আলোরাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক দাম ৮ কোটি টাকা।
এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। বাড়ি জেলার গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়। রোববার দিবাগত রাতে এসআরবি-৫ এর একটি দল এ অভিযান চালায়।
একই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এসব অভিযানের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। তারা সম্পর্কে ভাই-বোন। তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়। এসআরবি জানায়, এ সময়ে প্রায় ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব অপরাধে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে প্রায় ৯ জনকে।
এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।
সময়ের আলো/আতা