লেবাননের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিরিয়া লেবাননের সঙ্গে সামরিক নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই-ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল-মাশহাদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে শারা বলেন, “আমরা লেবানন ও সিরিয়ার মধ্যে সামরিক নয়, অর্থনৈতিক যোগাযোগের পথ খুঁজছি।”
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “ইসরায়েল হিজবুল্লাহকে দমন করতে পারছে না দেখে আমি হতাশ। আমি বিষয়টি সিরিয়ার হাতে তুলে দিতে চাচ্ছি।” এমনকি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেও ট্রাম্প মন্তব্য করেন, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে সফল হতে না পারে, তবে সিরিয়ার প্রেসিডেন্ট শারা এই কাজটি করবেন।
ট্রাম্পের এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট প্রস্তাব দিয়েছি যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। এর জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সমাধান প্রয়োজন।” তিনি আরও বলেন, এমন কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, যা সিরিয়া ও লেবাননের পাশাপাশি ইসরায়েলের উদ্বেগও বিবেচনায় নেবে।
লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সিরিয়ার নিরাপত্তারই অংশ হিসেবে উল্লেখ করে শারা বলেন, সিরিয়ার কাছে লেবাননে ইতিবাচক প্রভাব রাখার অনেক উপায় রয়েছে, তবে তা মূলত লেবাননের সম্মতির ওপর নির্ভর করে। হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি তা লেবানন ও সিরিয়ার স্বার্থ রক্ষা করে, তাহলে আলোচনা কেন নয়?”
উল্লেখ্য, বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ক্ষমতায় আসা নতুন নেতৃত্বের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। কারণ সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহ আসাদ সরকারের পক্ষে লড়াই করেছিল।
মধ্যপ্রাচ্য সংঘাতের অংশ হিসেবে গত ২ মার্চ হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা চালায়। এর জবাবে ইসরায়েল লেবাননে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতার পর গত শনিবার সন্ধ্যা থেকে দেশটিতে সাময়িকভাবে সংঘর্ষ স্থগিত রয়েছে।
সময়ের আলো/জেডি