প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৪৫ পিএম
মদের কারখানায় পুলিশের অভিযান, আটক ১কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
সোমবার (২২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ফুলবাড়ী থানার পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রস্তুত বাংলা মদ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে কারখানার মূল হোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানের পর বাড়ির মালিক হবিবুর রহমানকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা হয়েছে।
ফুলবাড়ীতে প্রথম বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আতা