অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ চার মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালী

2026-06-23T07:13:11+00:00
2026-06-23T07:13:29+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:১৩ এএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৭:১৩ এএম
বাংলার জয়যাত্রা। সংগৃহীত ছবি
দীর্ঘ চার মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালী পার হয়। বর্তমানে এটি জ্বালানি বা বাংকারিং গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।  

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর ‘এমভি বাংলার জয়যাত্রা’ এখন তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখবে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি ক্রু ও নাবিক নিরাপদ ও সুস্থ অবস্থায় এ সংকট থেকে মুক্ত হয়েছেন।

এর আগে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা শুরু করলে পরিস্থিতি দ্রুত সংঘাতময় হয়ে ওঠে।  


ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকা পড়ে। ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর এর কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জাহাজটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার জন্য সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়। কিন্তু হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় জাহাজটি রাস আল খায়ের বন্দরেই আটকে যায়।  

প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি সম্পন্ন থাকলেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় বারবার যাত্রা শুরু করা সম্ভব হয়নি। এ সময়ে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিএসসি সক্রিয়ভাবে কাজ করে। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলে ৮ এপ্রিল জাহাজটি রাস আল খায়ের বন্দর ত্যাগ করে কেপটাউনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ১০ এপ্রিল হরমুজ প্রণালী অতিক্রমের সময় আবারও ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। ফলে জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নিতে বাধ্য হয়।  

সবশেষে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক সমঝোতা চুক্তি সম্পাদিত হওয়ার পর বাংলাদেশ সরকারের দীর্ঘ ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ সোমবার দিবাগত রাতে ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হরমুজ প্রণালী  বাংলার জয়যাত্রা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: