রাজশাহীর ৯টি উপজেলায় ৩ লাখ ৩ হাজার ১৭৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলায় মোট ৩ লাখ ৩ হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জনকে খাওয়ানো হবে নীল রঙের ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
৯টি জেলার মধ্যে স্থায়ী কেন্দ্র আছে ১০টি। এ ছাড়াও অস্থায়ী কেন্দ্র আছে ১ হাজার ৭৭৮টি। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট স্বেচ্ছাসেবী থাকবে ৩ হাজার ৭৬ জন।
সিভিল সার্জন জন্মের পরই শিশুকে শাল দুধসহ মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দেন। শিশুর শরীরের ভিটামিনের চাহিদা পূরণে মায়ের বুকের একটি দুধ কমপক্ষে পাঁচ মিনিট খাওয়ানোর পর অন্যটি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এ ছাড়া মায়েদের গাজর, লালশাক, মিষ্টি কুমড়া, মাছ, মাংস, দুধ ও ডিমের মতো ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শও দেন।
রাজিউল করিম বলেন, ‘যারা হামের টিকা নিয়েছে, তারাও ভিটামিন এ ক্যাপসুল নিতে পারবেন। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’
সভায় ক্যাম্পেইন নিয়ে সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম।
সময়ের আলো/মহু