কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অধিবেশনে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার এ মন্তব্য করেন।
পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকার সে সিদ্ধান্ত দেবেন।’
তিনি বলেন, ‘জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে।’ বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন।’
এর আগে সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল। বিষয়টি উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তখন চিফ হুইপ জানিয়েছিলেন, মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।’
চিফ হুইপের উদ্দেশে স্পিকার আরও বলেন, ‘আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।’
সময়ের আলো/কেএইচও