পরকালের প্রস্তুতিতে আর নয় কালক্ষেপণ

মোহাম্মদ এনামুল হক

ইসলাম

মানুষের অন্যতম বড় ভুল হলো, সে মনে করে তার সামনে এখনও প্রচুর সময় পড়ে আছে। এই বিভ্রান্তি থেকেই সে ভাবে,

2026-06-23T21:59:48+00:00
2026-06-23T21:59:48+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ইসলাম
পরকালের প্রস্তুতিতে আর নয় কালক্ষেপণ
মোহাম্মদ এনামুল হক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫৯ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
মানুষের অন্যতম বড় ভুল হলো, সে মনে করে তার সামনে এখনও প্রচুর সময় পড়ে আছে। এই বিভ্রান্তি থেকেই সে ভাবে, নামাজ পরে পড়বে, তওবা পরে করবে, কুরআন পরে বুঝবে এবং ভালো কাজ করার সিদ্ধান্তটি ভবিষ্যতের জন্য তুলে রাখে। কিন্তু বাস্তবতা হলো, মৃত্যু কাউকে আগাম বার্তা দিয়ে আসে না; সুযোগ দেয় না কোনো প্রস্তুতির। 

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সতর্ক করেছেন, ‘কোনো প্রাণই জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কোনো প্রাণই জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে।’ (সুরা লোকমান : ৩৪)

আমরা ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর থাকি। সম্পদ বৃদ্ধি, সুন্দর ফ্ল্যাট, সন্তানদের জন্য বিশাল উত্তরাধিকার এসব নিয়ে আমাদের ব্যস্ততার শেষ নেই। অথচ আমরা জানি না, আগামীকাল সকাল পর্যন্ত আমাদের আয়ু আছে কি না। আল্লাহ বলেন, ‘আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কেবল সামান্য ভোগমাত্র’ (সুরা তওবা : ৩৮)। 
আজ মানুষ সম্পদের পেছনে অন্ধের মতো দৌড়াচ্ছে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতায় মত্ত। লোভ, হিংসা আর দুনিয়ার মোহ মানুষের অন্তরকে কলুষিত করে ফেলেছে। অথচ এসবই আমাদের পতনের মূল কারণ। কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, ‘সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছে যাও।’ (সুরা তাকাসুর : ১-২)

আমরা প্রায়ই অন্যের সফলতা দেখে হিংসা করি, নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্ট হই। অথচ ভুলে যাই, আল্লাহ যার জন্য যা নির্ধারণ করেছেন তার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত। মানুষের অসহায়ত্ব সবচেয়ে বেশি ফুটে ওঠে যখন সে অসুস্থ হয়। তখন সে আল্লাহকে ডাকে, ক্ষমা প্রার্থনা করে। কিন্তু সুস্থ হওয়ার পরপরই আবার সেই গাফিল জীবনে ফিরে যায়। আল্লাহ তায়ালা বলেন, ‘যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকে; কিন্তু সুস্থ হওয়ার পর সে আবার ভুলে যায়।’ (সুরা জুমার : ৮)


দেখতে দেখতে জীবন ফুরিয়ে যাচ্ছে। শৈশব আর যৌবন স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছে। আয়নায় নিজের চেহারার পরিবর্তন দেখেও কি আমাদের হুঁশ ফিরবে না? কুরআনের বাণী, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’ (সুরা আলে ইমরান : ১৮৫)। 

এই অমোঘ সত্যটিই আমাদের জীবনের শেষ গন্তব্য। তবে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আশার কথা হলো, আল্লাহর রহমতের দরজা এখনও খোলা আছে। তিনি ঘোষণা করেছেন, ‘হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।’ (সুরা জুমার : ৫৩)

তাই আসুন, লোভ, হিংসা, অহংকার ও দুনিয়ার মোহ থেকে আজই তওবা করি। নামাজ, কুরআন, জিকির ও সৎকাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসি। মনে রাখতে হবে, পার্থিব জমি, ফ্ল্যাট, অর্থ-সম্পদ বা পদ-পদবি কোনো কিছুই কবরে আমাদের সঙ্গী হবে না। সঙ্গে যাবে শুধু ঈমান ও নেক আমল। ‘পরে করব’- এই মরীচিকা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের হাতে নিশ্চিতভাবে থাকা একমাত্র সময় হলো বর্তমান মুহূর্তটি, আর আল্লাহর পথে ফিরে আসার সর্বোত্তম সময় হলো আজ, এখনই। 

আল্লাহ আমাদের সবাইকে গাফেলতা থেকে হেফাজত করুন, আন্তরিক তওবার তওফিক দিন এবং ঈমানের ওপর অটল রেখে মৃত্যু নসিব করুন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পরকাল  প্রস্তুতি  কালক্ষেপণ  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: