আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই কিস্তির প্রচারণায় সহশিল্পীদের সঙ্গে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ছবিটির অভিনয়শিল্পীরা। সম্প্রতি সিনেমাটির একটি গানপ্রকাশের অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমার মন্তব্য করেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি ভালো।
জানা গেছে, নতুন এই ছবিতে একটি ভোজপুরি গান ব্যবহার করা হয়েছে। সেই সূত্র ধরে অনুষ্ঠানে এক সাংবাদিক অক্ষয়ের কাছে জানতে চান, তিনি এবার ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবেন কি না?
উত্তরে ‘খিলাড়ি’ খ্যাত এই তারকা বলেন, হলিউডের চেয়েও ভোজপুরি ভালো। কারণ ওরা এই গান শুনতে পারবে না, কিছুই বুঝবে না। এ ধরনের গান তারা কখনও দেখেনি। নিজের বক্তব্য আরো স্পষ্ট করে তিনি বলেন, আমাদের দেশে এত বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, এটা নিয়ে আমরা গর্ব করতে পারি। আমাদের গানও নানা সংস্কৃতির ছোঁয়ায় তৈরি হয়। আমাদের সংস্কৃতি এবং দেশের এই বৈচিত্র্য নিয়ে গর্ব করা উচিত।
অনুষ্ঠানে ছবিটির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে মজার ছলে অক্ষয় জবাব দেন,‘থ্রি ইডিয়টস’ মাত্র তিনজন প্রধান অভিনেতা দিয়ে ব্লকবাস্টার হয়েছিল আর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ ৩০ জনেরও বেশি অভিনয়শিল্পী আছেন, তাই সম্ভাবনা অনেক।
আহমেদ খান নির্মিত তারকাবহুল এই ছবিতে অক্ষয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন-সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, ফরিদা জালাল, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর ও রাজপাল যাদবসহ একঝাঁক তারকা।
সময়ের আলো/আরবিএন