বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ জুন) মাহবুব আলম বাবু রাড়ি (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জাহাঙ্গীর, বজলু ও শহীদ পোদ্দার এর বিরুদ্ধে।
নিহত বাবু রাড়ি উপজেলার ৫নং সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাড়ির ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধটি সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বাবু রাড়ির ওপর অতর্কিত হামলা চালায় । এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের বাবা দুলাল রাড়ি জানান, আমার জমির উপর দোকান ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ শহীদ পোদ্দার আমাকে বাধা দেয়। এই ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আমার ছেলের উপর তারা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় । আমি আমার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এলাকাবাসী জানান, একজন যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বাবু রাড়ি ছিলেন শান্ত স্বভাবের এবং সবার সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, বাবু রাড়ি হত্যাকান্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে । মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা