রিখটার স্কেলে ৭ মাত্রার অধিক বিধ্বংসী জোড়া ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর দেশটিতে স্কুল ও রেল সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভেনেজুয়েলার সংবাদ সংস্থা ‘লা পাতিলা’ জানিয়েছে, দেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা এবং মেট্রো ও রেল পরিষেবার পাশাপাশি অপ্রয়োজনীয় কার্যক্রমগুলোও সাময়িক স্থগিত করা হয়েছে। টেলিভিশনে সম্প্রচারিত এক আবেগঘন ও জরুরি ভাষণে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, উদ্ধার অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল অভিযানে নেতৃত্ব দেবেন।
প্রেসিডেন্ট বলেন, রাজধানী কারাকাসে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে। এজন্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত ১১টার দিকে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। এই জোড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা, যেখানে দেশটির অর্থনীতি ও জ্বালানি খাতের মূল চালিকাশক্তি তথা বেশ কয়েকটি বৃহৎ তেল শোধনাগার অবস্থিত।
ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার রেশ ধরে দুর্যোগ পরিস্থিতি সামনে আরও ব্যাপক ও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সময়ের আলো/জেডি