দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় প্রথমে ৭.২ মাত্রার এবং পরে ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তর উপকূল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত।
ভূমিকম্পের দিনটি ছিল ভেনেজুয়েলায় জাতীয় ছুটির দিন। ফলে অনেক মানুষ নিজ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে শক্তিশালী এ কম্পনে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ধসে পড়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভেনেজুয়েলার অনেক ভবন ও আবাসিক স্থাপনা ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি অনুসরণ করে নির্মিত নয়। এ কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে এবং প্রাণহানির সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যালোচনা শেষে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উদ্ধারকারী দল, জরুরি সেবা সংস্থা এবং সরকারি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির পূর্ণ চিত্র জানতে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সময়ের আলো/এসএকে