প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ এএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে শুরুর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তাঁর বৈঠককে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আজকের বৈঠকে বড় কোনো অগ্রগতি না এলেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আবার শুরু করাই কাতারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে কাতারের পক্ষ থেকে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
তবে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে বলেছেন, কোনো চুক্তি না হলে নতুন বছরের পর ইরানে সামরিক হামলা চালানোর কথা তিনি বিবেচনা করছেন। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি স্থায়ী চুক্তি চান বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানি কর্মকর্তাদের ‘খুব কঠিন’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
এর আগে জার্মানিতে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়। সেখানে যুদ্ধ বন্ধে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা।
ইরান ওয়াশিংটনের কাছে দুই দিনের একটি প্রস্তাব গ্রহণের চাপ দিচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেবে তেহরান। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শর্তগুলোকে অগ্রহণযোগ্য, অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেছেন।
এত মতপার্থক্য ও উত্তেজনার মধ্যেও ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকটি অনুষ্ঠিত হওয়াকে যুদ্ধ অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ধরে রাখার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সময়ের আলো/জেডি