ইমরানের হৃদযন্ত্র রক্ষায় শিগগিরই ডাক্তারে দেখানো জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন রক্ষায় আগামী কয়েক দিনের মধ্যেই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া জরুরি বলে সতর্ক

2026-11-23T23:06:33+00:00
2026-11-23T23:06:33+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চিকিৎসা না পেলে মৃত্যুর শঙ্কা
ইমরানের হৃদযন্ত্র রক্ষায় শিগগিরই ডাক্তারে দেখানো জরুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম 
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংগৃহীত ছবি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন রক্ষায় আগামী কয়েক দিনের মধ্যেই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া জরুরি বলে সতর্ক করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। সময়মতো চিকিৎসা না পেলে তার হৃদযন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান বর্তমানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভুগছেন। গত সোমবার এক খোলা চিঠিতে দেশটির শীর্ষ বিচারকদের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে চিকিৎসাসেবা না পেলে কারাগার থেকে জীবিত ফিরে আসতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরানের ৩০ বছরেরও বেশি সময়ের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যত দ্রুত সম্ভব যেন তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ দেওয়া হয়। চিকিৎসায় বিলম্ব হলে ইমরান গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন তিনি।

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর ২০২৩ সালের আগস্ট থেকে ৭৪ বছর বয়সি ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের ১ দশমিক ৮ মিটার বাই ২ দশমিক ৪ মিটার আয়তনের একটি সেলে রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে ডা. ফয়সাল সুলতান বলেন, ‘আমার এমন কোনো রোগী থাকলে, যার রক্তচাপ এত বেশি, তাহলে আমি তাকে যত দ্রুত সম্ভব—আজ কিংবা আগামীকালের মধ্যেই একজন ভালো কিডনি বিশেষজ্ঞ অথবা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানোর ব্যবস্থা করতাম। কয়েক দিনের মধ্যেই তার রক্তচাপ কমিয়ে আনা প্রয়োজন।’

তিনি আরও সতর্ক করেন, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদযন্ত্র, কিডনি ও মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।


চিকিৎসক সুলতানের ভাষ্য, দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ কিডনির কার্যক্ষমতা ও হৃদযন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলে। এ অবস্থায় রক্ত পাম্প করতে হৃদযন্ত্রকে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। এমনকি উচ্চ রক্তচাপের কারণে চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর এ ধরনের ক্ষতির আশঙ্কাই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় বলে জানান তিনি।

গত ১৬ নভেম্বর আইনজীবীর মাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে ইমরান খান দাবি করেন, তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। পাশাপাশি তিনি তীব্র উচ্চ রক্তচাপেও ভুগছেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাবাসে রাখার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই ২০ ডিসেম্বরই একাধিক মামলার মধ্যে একটিতে ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ডা. ফয়সাল সুলতান কোভিড-১৯ মহামারির সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইমরান খানের প্রতিষ্ঠিত হাসপাতাল নেটওয়ার্ক ‘শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও তিনি কর্মরত।

চিকিৎসক সুলতান বলেন, দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে তা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হতে পারে। উচ্চ রক্তচাপের বিরুদ্ধে হৃদযন্ত্রকে প্রতিনিয়ত অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হলে হৃৎপিণ্ডের পেশি অস্বাভাবিকভাবে মোটা বা বড় হয়ে যেতে পারে। তাই হৃদযন্ত্র, কিডনি ও চোখের মতো অঙ্গগুলোর স্থায়ী ক্ষতি এড়াতে দ্রুত রক্তচাপ নিয়ন্ত্রণে আনা জরুরি।

এর আগে গত ১৮ আগস্ট ইমরানের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা জানিয়ে তার আইনজীবীরা আবেদন করলে সুপ্রিম কোর্ট তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। ওই হাসপাতালে তার জন্য অপেক্ষায় ছিলেন চিকিৎসক সুলতান। তবে ইমরানকে সেখানে না নিয়ে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে কারাগারে ফিরে যাওয়ার উপযুক্ত বলে মত দেন। 


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   ইমরান  পাকিস্তান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: