ইসরায়েলি হামলায় গাজা এখন বিষাক্ত বর্জ্যভূমি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। বিষাক্ত পানি, দূষিত মাটি ও বাতাসের কারণে ফিলিস্তিনিদের জীবনধারণের মৌলিক উপাদানগুলো

2026-11-23T23:02:51+00:00
2026-11-23T23:02:51+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় গাজা এখন বিষাক্ত বর্জ্যভূমি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। বিষাক্ত পানি, দূষিত মাটি ও বাতাসের কারণে ফিলিস্তিনিদের জীবনধারণের মৌলিক উপাদানগুলো এখন মারাত্মক হুমকির মুখে। অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ব্যাপক পরিবেশদূষণ ছড়িয়ে পড়েছে। ধ্বংস হওয়া ভবনের ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, অ্যাসবেস্টস এবং পয়োনিষ্কাশনের বর্জ্য বাতাস, মাটি ও পানিকে দূষিত করছে। এসব বিষাক্ত উপাদান আগামী কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। তার ভাষায়, এসব হামলা পরিবেশবিষয়ক যুদ্ধাপরাধ, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ ও দূষণের কারণে মানুষের নিরাপত্তা এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরিস্থিতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের আওতায় ইসরাইলের আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন।

অমিতাভ বেহার জানান, গাজার বাসিন্দারা বাতাস, খাবার, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শে এসে বিষাক্ত পদার্থের ঝুঁকিতে পড়ছেন। দূষণ পরিষ্কার, পরিবেশ পুনরুদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার না দিলে এই ঝুঁকি প্রজন্মের পর প্রজন্ম ধরে বহাল থাকতে পারে।

বর্তমানে গাজা সিটিতে আবর্জনা ও পয়োবর্জ্যে ভরা এলাকার পাশেই বসবাস করতে বাধ্য হচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দূষণ থেকে নিজেদের সুরক্ষিত রাখার সুযোগও কমে গেছে তাদের।

২০২৫ সালে এবং চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তারা এতে উসকানি দিয়েছেন। তবে জেনেভায় অবস্থিত ইসরায়েলের মিশন কমিশনের প্রতিবেদনকে ‘মানহানিকর ভাঁওতাবাজি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

অক্সফামের প্রতিবেদনে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে গাজা কীভাবে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে, তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষের সন্ধান পাওয়া যায়নি।

স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং উন্মুক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজায় দূষণের মাত্রা ব্যাপক ও তীব্র। এর নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্য এবং বেসামরিক মানুষের জীবনধারণের ওপর।

অমিতাভ বেহার বলেন, গাজার মানুষ এখন ভয়াবহ বিষাক্ত দূষণের মধ্যে বসবাস করছেন। অবরুদ্ধ ও ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডে দূষণের সংস্পর্শ এড়িয়ে চলার সুযোগ তাদের নেই। চারদিকে বর্জ্য ও পয়োবর্জ্য ছড়িয়ে পড়ায় ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার এবং বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। অপরিশোধিত পয়োবর্জ্য সমুদ্র ও ভূগর্ভে ছড়িয়ে পড়ছে। পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দূষণ থেকে সুরক্ষার ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ জমেছে। ধ্বংস হওয়া বাড়িঘর, জনপদ ও অবকাঠামো এখন সম্ভাব্য বিপজ্জনক উপাদানের বিশাল ভান্ডারে পরিণত হয়েছে।

প্রতিবেদনটির লেখক ও অক্সফামের বৈশ্বিক পানি ও পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ লামা আবদুল সামাদ বলেন, শহরের ধ্বংসস্তূপ, কৃষিজমি, পানির ব্যবস্থা ও মাটিতে দূষণ ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষয়ক্ষতি মোকাবিলা করা অত্যন্ত কঠিন হবে। এ ছাড়া অবিস্ফোরিত গোলাবারুদের কারণে অনেক এলাকায় নিরাপদে প্রবেশ করাও সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি শনাক্ত এবং জরুরি পদক্ষেপ নির্ধারণের জন্য সরেজমিনে পরিবেশগত মূল্যায়নের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো প্রয়োজন। বিস্ফোরকের অবশিষ্টাংশ, জৈব দূষক ও ভারী ধাতু অপসারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার করার পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও বিশেষায়িত পুনরুদ্ধার কার্যক্রম চালাতে হবে।

অমিতাভ বেহার বলেন, গাজার পুনর্গঠনের পাশাপাশি পরিবেশ পুনরুদ্ধারেও সমান গুরুত্ব দিতে হবে। দূষণের মাত্রা নিরূপণ ও তা নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে পুনর্গঠন করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।



সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   ইসরায়েল  হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: