প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে জেনসেন হুয়াং। সংগৃহীত ছবিমার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
প্রায় দুই সপ্তাহ আগে হুয়াংয়ের একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর তার পদত্যাগপত্র গ্রহণ করেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এসব সম্পর্কের মধ্যে একজন নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি উঠে আসে, যিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতে পারেন বলে আশঙ্কা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। এ ছাড়া নিজের সরাসরি অধস্তন এক কর্মীর সঙ্গেও হুয়াংয়ের সম্পর্ক ছিল বলে খবর প্রকাশিত হয়।
তবে সোমবার তাকে পুনর্বহালের ঘোষণা আসার পর এনভিডিয়ার শেয়ারের দাম ২৯ শতাংশ বেড়ে যায়।
পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায়ের মতামত নিয়েছে। একই সঙ্গে পর্ষদ আত্মবিশ্বাসী যে, হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন।
কোম্পানিটির বিনিয়োগকারী সম্পর্কবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পর্ষদ জানায়, হুয়াংয়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব আলোচনায় তার স্পষ্টবাদিতা এবং এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়েছে পরিচালনা পর্ষদ।
এদিকে সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, জেনসেন হুয়াংকে সিইও পদে ফিরিয়ে এনে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শুধু এনভিডিয়ার নয়, মার্কিন অর্থনীতির সাফল্য ও সমৃদ্ধির জন্যও প্রতিষ্ঠানটিতে হুয়াংয়ের নেতৃত্ব প্রয়োজন।
ট্রাম্প আরও বলেন, হুয়াং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে নেই। এর আগেও হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
হুয়াংয়ের পুনর্বহালের সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের আগের অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে এনভিডিয়ার আয়-ব্যয়সংক্রান্ত এক সভায় নবনিযুক্ত পর্ষদ চেয়ারম্যান হার্ভে জোনস জানিয়েছিলেন, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেছে। একই সঙ্গে তাকে পুনর্বহালের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছিলেন তিনি।
সূত্র : সিএনএন
সময়ের আলো/ইউএমএইচ