লিবিয়ার বেনগাজিতে একটি নৌঘাঁটিতে কার্গো জাহাজের কাছে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি : আলজাজিরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। একই সঙ্গে অস্ত্র পরিবহনে ব্যবহৃত রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ইউরোপের বাইরে আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, লিবিয়ার উপকূলে ইউক্রেনের তৈরি সাতটি নৌ-ড্রোন দিয়ে অভিযান চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল রাশিয়ার যুদ্ধজাহাজ মার্কারি এবং পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পূর্ব লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে রাশিয়ার করভেট শ্রেণির যুদ্ধজাহাজ মার্কারিতে হামলা হয়। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্যাটেলাইট ছবিতে দেখা যায়, জাহাজটির অধিকাংশ অংশ পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল।
জেলেনস্কি আরও দাবি করেন, হামলায় রাশিয়ার একটি কামভ কেএ-২৭ সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এ ছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত রুশ পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারাও হামলার শিকার হয়েছে।
এর এক দিন আগে ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২-এ ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। জাহাজের ১৬ জন নাবিককে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একজন সামান্য আহত হন। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, জাহাজটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে। তবে কিয়েভ ওই হামলার দায় স্বীকার করেনি।
কী বলছে লিবিয়া ও রাশিয়া
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন হামলার নিন্দা জানিয়ে একে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। এ ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের অনুরোধও জানিয়েছে তারা।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ার বন্দর, ভূখণ্ড বা জলসীমাকে আন্তর্জাতিক বিরোধ মেটানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
লিবিয়ার প্রতিদ্বন্দ্বী সরকারও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, বেসামরিক বন্দর ও স্থাপনাকে বিদেশি সংঘাতের সঙ্গে জড়িয়ে ফেলা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
জাতিসংঘও হামলার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন এক বিবৃতিতে বলেছে, হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। লিবিয়াকে বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে দেওয়া উচিত নয়।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিকভাবে বিভক্ত। দেশটির পশ্চিমাঞ্চলে ত্রিপোলিভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী প্রশাসন ক্ষমতা পরিচালনা করছে।
এক মাসে চার রুশ জাহাজে হামলা
নভেম্বর মাসে এ পর্যন্ত অন্তত চারটি রুশ জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্কারি, এমভি আঙ্গারা ও স্পার্টা-২। এ ছাড়া আগের সপ্তাহে ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার আরেকটি যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করে দেশটির সামরিক বাহিনী।
এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে হামলার পর রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার ডুবে যায়। ওই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল মস্কো। ২০২৫ সালের ডিসেম্বরে ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে হামলার দায়ও স্বীকার করেছিল কিয়েভ।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কি ছড়িয়ে পড়ছে?
বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন সংঘাত ইতোমধ্যে মূল যুদ্ধক্ষেত্রের বাইরেও বিস্তৃত হয়েছে। এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা ও কৌশলগত অধ্যয়নের জ্যেষ্ঠ গবেষক অ্যালেক্সি ডি মুরাভিয়েভ আলজাজিরাকে বলেন, ভূমধ্যসাগর এখন সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ বহিরাঙ্গন হয়ে উঠেছে।
তার ধারণা, লিবিয়া ও ফিনল্যান্ডের জলসীমায় হামলার শিকার জাহাজগুলো সামরিক সরঞ্জাম কিংবা অন্যান্য পণ্য পরিবহনে যুক্ত ছিল। এসব সরঞ্জাম আফ্রিকায় রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বাহিনীর কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
মুরাভিয়েভ বলেন, মার্কারি যুদ্ধজাহাজটি ২০২৩ সালে রুশ নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। এটি ডুবে যাওয়ায় রাশিয়ার নৌ-সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হবে।
তবে ফিনল্যান্ড উপসাগরের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ জানিয়েছেন এই গবেষক। তার মতে, ওই অঞ্চলে রাশিয়া ও ন্যাটো বাহিনীর অবস্থান কাছাকাছি হওয়ায় সংঘাত আরও বড় আকার নেওয়ার ঝুঁকি রয়েছে।
এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌ-বাণিজ্যেও নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বিশেষ করে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে চলমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে ভূমধ্যসাগরেও জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়তে পারে।
সময়ের আলো/ইউএমএইচ