প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম

ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অঙ্গীকার, রাশিয়াকে সতর্কবার্তা জার্মানির । ছবি : সংগৃহীত
ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অঙ্গীকার, রাশিয়াকে সতর্কবার্তা জার্মানির । ছবি : সংগৃহীতইউরোপের আকাশসীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে সামরিক জোট ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অঙ্গীকার করেছে জার্মানি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার টেবিলে ফিরে আসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
সোমবার (২৩ নভেম্বর) বার্লিনে ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলির ৭২তম বার্ষিক অধিবেশনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এসব কথা বলেন।
ওয়াডেফুল বলেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় জোটের সদস্যরা প্রস্তুত। ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট হলেও নিজেদের দেশ ও জোটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে যুদ্ধ বন্ধ করতে হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার টেবিলে ফিরে আসতে হবে।
এ সময়, বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের প্রসঙ্গ টানেন ওয়াডেফুল। একসময় এই স্থান থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে বার্লিন দেয়াল ভেঙে ফেলার আহ্বান জানিয়েছিলেন। সেই একই স্থান থেকে এবার পুতিনের প্রতি যুদ্ধ বন্ধ করে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
অধিবেশনে ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থনও পুনর্ব্যক্ত করেন ওয়াডেফুল। তিনি বলেন, ইউক্রেন সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার হামলা আগের চেয়ে আরও নৃশংস হয়ে উঠলেও যুদ্ধে তাদের সাফল্য কমছে।
ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যেকোনো আলোচনায় কিয়েভের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোরও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষায়, ইউক্রেনকে বাদ দিয়ে দেশটির বিষয়ে এবং ইউরোপকে বাদ দিয়ে ইউরোপের নিরাপত্তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন স্থানে গোপন হামলা ও হত্যার ষড়যন্ত্র চালাচ্ছে রাশিয়া। এ পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের অবসানে অর্থবহ আলোচনা যেমন প্রয়োজন, তেমনি ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।