রোহিঙ্গা গণহত্যা : কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে জয় পেল গাম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে ঐতিহাসিক জয় পেয়েছে পশ্চিম আফ্রিকার ছোট দেশ

2026-11-24T21:18:56+00:00
2026-11-24T21:18:56+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রোহিঙ্গা গণহত্যা : কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে জয় পেল গাম্বিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম 
আন্তর্জাতিক বিচার আদালতে চূড়ান্ত রায় ঘোষণার অপেক্ষায় গাম্বিয়ার আইনজীবী পল রেইকলার, আরসালান সুলেমান ও দেশটির বিচারমন্ত্রী দাওদা জালো। ছবি : মিডল ইস্ট আই
আন্তর্জাতিক বিচার আদালতে চূড়ান্ত রায় ঘোষণার অপেক্ষায় গাম্বিয়ার আইনজীবী পল রেইকলার, আরসালান সুলেমান ও দেশটির বিচারমন্ত্রী দাওদা জালো। ছবি : মিডল ইস্ট আই
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে ঐতিহাসিক জয় পেয়েছে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে গত ১৯ নভেম্বর আদালত রায় দিয়েছেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে মামলার পেছনের ঘটনা, আইনি লড়াই এবং রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের সাক্ষ্যের ভূমিকা তুলে ধরা হয়েছে। 

এটি আন্তর্জাতিক বিচার আদালতের জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আদালত।

যেভাবে শুরু হয়েছিল মামলা

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ অভিযান চালায়। এ সময় গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মানুষকে হত্যা করা হয় এবং ব্যাপক ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে। 

সেনাদের গুলিতে প্রাণ হারান পালিয়ে যাওয়া অনেক বেসামরিক মানুষও। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

২০১৮ সালের মে মাসে ঢাকায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের অংশ হিসেবে প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

সেখানে গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী আবুবাকার তামবাদু নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি রুয়ান্ডার গণহত্যার বিচার নিয়ে প্রায় নয় বছর কাজ করেছিলেন। ফলে রোহিঙ্গাদের অভিজ্ঞতা শুনে তিনি বিষয়টির ভয়াবহতা বুঝতে পারেন। 

এরপর রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেন তিনি।

কীভাবে আন্তর্জাতিক আদালতে গেল গাম্বিয়া

গাম্বিয়ার আইনজীবী আরসালান সুলেমান ও তার সহকর্মীরা ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা নিয়ে কাজ করছিলেন।

পরে ওআইসির কর্মকর্তাদের মাধ্যমে গাম্বিয়ার বিচারমন্ত্রী তামবাদুর সঙ্গে তাদের যোগাযোগ হয়। আলোচনার পর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।   

ওআইসির পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানেরা এ উদ্যোগে সমর্থন দেন। গাম্বিয়ার প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অনুমোদনের পর ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করে দেশটি। 

মামলার খরচ বহনেও সহযোগিতা করে ওআইসির কয়েকটি সদস্যদেশ। এর মধ্যে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, বাংলাদেশ, কুয়েত, নাইজেরিয়া ও আফগানিস্তান ছিল।

মামলায় বাধা ও সামরিক অভ্যুত্থান 

২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমারের তৎকালীন বেসামরিক নেতা অং সান সু চি আন্তর্জাতিক আদালতে উপস্থিত হয়ে তার দেশের পক্ষে বক্তব্য দেন।

এরপর ২০২০ সালের জানুয়ারিতে আদালত সর্বসম্মতিক্রমে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ, প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। 

তবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হলে মামলায় নতুন জটিলতা তৈরি হয়। দেশটির পক্ষে আদালতে কে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে বিরোধ দেখা দেয়। 

এ ছাড়া মিয়ানমার দাবি করে, গাম্বিয়ার এই মামলা করার অধিকার নেই এবং প্রকৃতপক্ষে ওআইসিই মামলার পেছনে রয়েছে। তবে ২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক আদালত মিয়ানমারের এসব আপত্তি খারিজ করে দেন। 

আদালত জানান, গণহত্যা সনদের সদস্য হিসেবে গাম্বিয়ার অন্য কোনো সদস্যরাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের মামলা করার অধিকার রয়েছে। এমনকি নিজের দেশের নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। 


যেসব প্রমাণ আদালতে তুলে ধরে গাম্বিয়া 

মামলা পরিচালনায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ভিত্তি করে মামলার বড় অংশ তৈরি করা হয়। 

তদন্তকারীরা রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষাৎকার নেন। তাদের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য, গণহত্যা, যৌন নির্যাতন এবং গ্রাম ধ্বংসের তথ্য সংগ্রহ করা হয়। 

এ ছাড়া উপগ্রহের ছবি ব্যবহার করে পুড়িয়ে দেওয়া গ্রামগুলোর তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়।

আদালতে লিখিত নথির পাশাপাশি হাজার হাজার পৃষ্ঠার দলিল জমা দেয় গাম্বিয়া। তিনজন রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিকেও সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করা হয়। তারা নিজেদের গ্রামের ভয়াবহ অভিজ্ঞতার কথা আদালতে তুলে ধরেন। 

গাম্বিয়ার আইনজীবী আরসালান সুলেমান বলেন, মামলার ক্ষেত্রে রোহিঙ্গাদের সাক্ষ্য এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কেন মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আদালত

আদালত তিন ধরনের অপরাধের প্রমাণ পেয়েছেন। এগুলো হলো— রোহিঙ্গাদের হত্যা করা, তাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা এবং রোহিঙ্গাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ বা সন্তান জন্মদানে বাধা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের তদন্তে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্যও আদালত বিবেচনায় নেন।  

আদালতে আরও উঠে আসে, সেনারা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে নির্যাতন করেছে, নারী ও শিশুদের ধর্ষণ করেছে এবং পালিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। 

মিন গি গ্রামে পুরুষদের আলাদা করে হত্যা, শিশুদের ওপর হামলা এবং নদী পেরিয়ে পালানোর সময় গুলি চালানোর ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।

মিয়ানমার দাবি করেছিল, তাদের অভিযান ছিল বিদ্রোহ দমনের অংশ। তবে আদালত এই ব্যাখ্যা গ্রহণ করেননি।

বিচারকদের মতে, উপস্থাপিত সব প্রমাণ বিবেচনায় নিয়ে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া যায় না।

রায়ে রোহিঙ্গাদের জন্য কী নির্দেশনা দেওয়া হয়েছে

আন্তর্জাতিক আদালত মিয়ানমারকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে; রোহিঙ্গাদের পরিবার পুনর্মিলনের সুযোগ দিতে হবে; তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে; ভবিষ্যতে এ ধরনের গণহত্যা যাতে না ঘটে, সে নিশ্চয়তা দিতে হবে; গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তদন্ত করে প্রয়োজন অনুযায়ী বিচার করতে হবে এবং ক্ষতিপূরণের পরিমাণ ও শর্ত নির্ধারণের বিষয়ে পরবর্তী সময়ে আদালত সিদ্ধান্ত দেবেন। এ বিষয়ে মিয়ানমারকে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে। 

রায় বাস্তবায়নে কী হবে

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাওদা জালো বলেন, তারা মিয়ানমারের স্বেচ্ছায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন।

তবে মিয়ানমার নির্দেশনা না মানলে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারবে। এ ছাড়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব।

গাম্বিয়ার আইনজীবী আরসালান সুলেমান জানিয়েছেন, আগামী দুই বছর মিয়ানমার রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়, তা পর্যবেক্ষণ করবে তাদের দেশ। একই সঙ্গে জাতিসংঘ, বিভিন্ন সরকার, ওআইসি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সহযোগিতাও চাওয়া হবে।

তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়ন নিশ্চিত করার কাজ এখনো শেষ হয়নি। রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাবেন।



সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   রোহিঙ্গা  গণহত্যা  মিয়ানমার  গাম্বিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: