
আত্মহত্যার প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে আরও বেশি। সংগৃহীত ছবি
আত্মহত্যার প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে আরও বেশি। সংগৃহীত ছবি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
তবে বিশ্লেষকদের ধারণা, আত্মহত্যার প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে আরও বেশি। দীর্ঘদিনের যুদ্ধ, সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ, মানসিক চাপ এবং সেনাদের মনোবল হারানোর বিষয়টি এসব ঘটনায় উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ নিয়ে তৈরি তথ্যভান্ডার বিশ্লেষণের মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে।
বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার গ্রুপ সাইলেন্ট ক্রো এসব তথ্য সংগ্রহ করেছে। রুশ সরকার সামরিক বাহিনীতে আত্মহত্যা কিংবা যুদ্ধে নিহত সেনাদের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে না। এসব তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার আওতাভুক্ত।
তথ্যভান্ডারে আরও ৮৮৫ জন সেনার মৃত্যুর কারণ হিসেবে আগ্নেয়াস্ত্রের আঘাতের কথা উল্লেখ রয়েছে। তবে এসব মৃত্যু আত্মহত্যা, নাকি দুর্ঘটনাজনিত, তা স্পষ্ট করা হয়নি।
বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার মধ্যে অনেক আত্মহত্যার ঘটনাও থাকতে পারে, যা ভিন্ন কারণ দেখিয়ে নথিভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে আত্মহত্যায় নিহত সেনার সংখ্যা রাশিয়ার একটি সামরিক রেজিমেন্টের সমান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, আত্মহত্যা করা ১ হাজার ৮৭ জন সেনার মধ্যে অন্তত ৬১৪ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চল অথবা রাশিয়ার সীমান্তবর্তী এলাকায়। এসব এলাকার মধ্যে বেলগোরোদ ও ব্রিয়ানস্ক রয়েছে। অর্ধেকের বেশি আত্মহত্যার ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। সেনাদের মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সামরিক ঘাঁটি, যুদ্ধক্ষেত্র, প্রশিক্ষণকেন্দ্র এবং ব্যক্তিগত বাসভবনে। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করা সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন।
বছর অনুযায়ী পরিসংখ্যান বিশ্লেষণেও আত্মহত্যার সংখ্যা বাড়ার প্রবণতা দেখা গেছে। ২০২২ সালে এ ধরনের মৃত্যুর সংখ্যা ছিল ৫০-এর বেশি। ২০২৪ সালে তা বেড়ে ২০০ ছাড়িয়ে যায়। ২০২৫ সালে সর্বোচ্চ ৩৬৫ জন সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। আর ২০২৬ সালে এখন পর্যন্ত তথ্যভান্ডারে প্রায় ৩০০টি আত্মহত্যার ঘটনা অন্তর্ভুক্ত হয়েছে। তবে চলতি বছরের পরিসংখ্যান এখনো সম্পূর্ণ নয়।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রব লি বলেন, রুশ সামরিক বাহিনীতে সেনাদের সম্মুখসারিতে এগিয়ে যেতে ব্যাপক চাপ ও জবরদস্তির মুখে পড়তে হয়। অনেক সেনা নির্যাতন ও শারীরিক নিপীড়নের শিকার হন। ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে পাঠানোর আশঙ্কা এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ না থাকায় তাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে।
রুশ সেনাদের পলায়নে সহযোগিতাকারী সংগঠন ইদিতে লেসোমের মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভের মতে, প্রকাশিত পরিসংখ্যান প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম।
তিনি বলেন, যুদ্ধক্ষেত্র এমন একটি বদ্ধ পরিবেশ, যেখান থেকে খুব অল্প তথ্যই বাইরে আসতে পারে। অনেক ক্ষেত্রে আত্মহত্যায় মারা যাওয়া সেনার নামও নথিতে বীর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এমনকি তার পরিবারকে দেওয়া হতে পারে পদক।
প্রতিবেদনে এমন কয়েকটি মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়েছে, যেগুলো সরকারি নথিতে আত্মহত্যা হিসেবে চিহ্নিত হয়নি। এর মধ্যে রয়েছেন ৬২ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল সের্গেই সাভেনোক। ২০২৩ সালের জুলাইয়ে ইউক্রেনের অধিকৃত লুহানস্ক অঞ্চলে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা তার স্ত্রীকে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা জানালেও সরকারি তথ্যভান্ডারে ঘটনাটি আগ্নেয়াস্ত্রের আঘাতজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এদিকে রুশ সামরিক আদালতের মামলাগুলোতেও সেনাদের অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের শেষ পর্যন্ত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর অভিযোগে ২০ হাজার ৬৬২ জনের বিরুদ্ধে সামরিক আদালতে মামলা হয়েছে। তাদের বেশির ভাগের বিরুদ্ধেই অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অন্তত ৪৯ হাজার সেনাকে পলাতক অথবা অনুমতি ছাড়া অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইভান চুভিলিয়ায়েভ বলেন, রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার চিন্তা অস্বাভাবিক কোনো বিষয় নয়। যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়াবহ বাস্তবতা বুঝতে পারার পর অনেক সেনা মানসিকভাবে এমন অবস্থায় পৌঁছান, যখন তাদের মনে আত্মহত্যার চিন্তাও আসে।
সময়ের আলো/ইউএমএইচ