মার্কিন ব্লকেড রুখতে মরিয়া ইরান, কঠোর সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে ইরান। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতেও পিছপা হবে

2026-11-24T00:59:10+00:00
2026-11-24T00:59:10+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন ব্লকেড রুখতে মরিয়া ইরান, কঠোর সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ এএম 
ছবি : সংগৃহীত
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে ইরান। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতেও পিছপা হবে না তেহরান। 

দেশটির দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে একটি রাষ্ট্রের। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে দেখছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের চলমান নৌ অবরোধ মোকাবিলায় তেহরান তার হাতে থাকা সব ধরনের উপায় কাজে লাগাবে। তার ভাষায়, অর্থনৈতিক ও নৌ অবরোধের নামে যা করা হচ্ছে, তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের উদাহরণ। যুক্তরাষ্ট্র যেভাবে নৌ অবরোধের কথা বলছে, সেটিও সামরিক আগ্রাসনের শামিল।

সম্প্রতি ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করেছে মার্কিন সামরিক বাহিনী। জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে ইরানি পণ্য গ্রহণকারী জাহাজগুলোকে সামরিক পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। এতে ইরানের অর্থনীতির ওপর চাপ আরও বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছু হটবে না তেহরান। বরং এসব হুমকি ইরানের সংকল্প আরও দৃঢ় করবে বলে মন্তব্য করেছেন বাঘাই। 

তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা প্রায় প্রতিদিনই বিজয়ের ঘোষণা দিচ্ছেন। কিন্তু এসব হুমকিতে ইরানের জনগণ নিজেদের ভূখণ্ড বা মর্যাদা থেকে সরে আসবে না। বরং এতে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ বক্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে। 

ট্রাম্প বলেছেন, নতুন বছরের মধ্যে কোনো সমঝোতা না হলে তিনি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার বিষয়টি বিবেচনা করতে পারেন।

এদিকে ইরানের সামরিক বাহিনীও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে। দেশটির বিপ্লবী গার্ডের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। ভৌগোলিক সীমারেখা এ ক্ষেত্রে কোনো বাধা হবে না। ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার শত্রুপক্ষের পরিকল্পনা সফল হয়নি। ভবিষ্যতেও এই প্রতিরোধ অব্যাহত থাকবে।

মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি ব্যবহারের হুমকির পক্ষে আন্তর্জাতিক আইনের যুক্তি তুলে ধরেছে ইরান। বাঘাই বলেন, আন্তর্জাতিক আইনের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য একটি রাষ্ট্র যেকোনো উপায় ব্যবহার করতে পারে। নৌ অবরোধ কাটিয়ে উঠতে কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী বাস্তব পদক্ষেপের সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকেও সামরিক আগ্রাসনের ধারাবাহিকতা হিসেবে দেখছে তেহরান। বাঘাইয়ের দাবি, কয়েক মাস ধরে চলা নিষেধাজ্ঞা এবং আগের নিষেধাজ্ঞাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমান নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনেরই সম্প্রসারণ। এটি আন্তর্জাতিক আইনের সনদের চতুর্থ অনুচ্ছেদেরও লঙ্ঘন।

যুক্তরাষ্ট্রের অবরোধ ও যুদ্ধের চাপের মধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ইরান। সম্প্রতি চীনের শেনজেনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের আগে ও পরে মস্কো এবং বেইজিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাঘাই। রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সম্পর্ককে তিনি অত্যন্ত ভালো বলে বর্ণনা করেন। আলোচনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড এবং বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ও আইন নিয়ে সমালোচনা স্থান পেয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টরা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হওয়ার কথা জানান।


এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে। পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান। বাঘাইয়ের অভিযোগ, ওয়াশিংটন আলোচনার ক্ষেত্রে প্রতিপক্ষের অধিকারকে স্বীকৃতি দিচ্ছে না। অথচ কূটনীতি হচ্ছে উভয় পক্ষের অবস্থানের ন্যায্য বিনিময়। যুক্তরাষ্ট্র আন্তরিক না হলেও পাকিস্তান ও কাতার তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলেই দেশ দুটি মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখনও অচলাবস্থা কাটেনি। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার পরিস্থিতিকে বর্ণনা করেছেন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ছড়িয়ে পড়ছে ইয়েমেনেও। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে লড়াই চলার মধ্যে হুথি বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলা বাড়িয়েছে সৌদি আরব। পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথিরা। ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   মার্কিন ব্লকেড  মরিয়া ইরান  কঠোর সিদ্ধান্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: