প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ১১:৫২ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট ও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তার এ অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ইরানের হুমকি ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর। তবে নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক কোনো হুমকি তিনি দেখছেন না।
অন্যদিকে, ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বড় ধরনের হুমকি রয়েছে বলে মনে করেন নেতানিয়াহু। এসব হুমকিকে খাটো করে দেখার জন্য আইজেনকটের অবস্থানের সমালোচনা করেন তিনি। নেতানিয়াহুর ভাষ্য, কেউ এমনটি করলে তা রাজনৈতিক উদ্দেশ্যেই করেন। একই সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, নতুন সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের দলের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি। গত রোববার দুই দলের প্রতিনিধিদের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হার্জলিয়ার একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠকে বসেন।
বৈঠকে নতুন সরকারের নেতৃত্ব কে দেবেন এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরকারে থাকবেন কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখতে চায়। অন্যদিকে, ইয়াশার পার্টি তাকে বাদ দেওয়ার পক্ষে।
যৌথ বিবৃতিতে দুই দল জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। এসব বিষয়ে আলোচনা করতে আরও বৈঠক হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো ১৩টি আসন প্রয়োজন।
আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ