প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। সংগৃহীত ছবি ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০১৮ সালে করা একটি ফৌজদারি মানহানির মামলায় সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) আনাম রইস খান এ আদেশ দেন।
ধ্রুব রাঠির একটি ভিডিওকে কেন্দ্র করে মামলাটি করেছিলেন বিকাশ পাণ্ডে, যিনি বিকাশ সংকৃত্যায়ন নামেও পরিচিত। ওই ভিডিওতে রাঠি অভিযোগ করেছিলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইটি সেল তাকে হেয় করার উদ্দেশ্যে বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল।
২০১৮ সালের মে মাসে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে ভিডিওটি প্রকাশ করেন ধ্রুব রাঠি। বিকাশ পাণ্ডে ফেসবুক পেজ ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’র প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, ভিডিওতে রাঠির দেওয়া তথ্য মিথ্যা এবং এসব বক্তব্যের কারণে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ অভিযোগেই তিনি রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন।
ভিডিওটি তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শেয়ার করেছিলেন। এ ঘটনায় কেজরিওয়ালের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়েছিলেন বিকাশ পাণ্ডে।
এর আগে ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তবে তাকে আদালতে হাজির করা এবং পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে জটিলতা দেখা দেওয়ায় পরবর্তী সময়ে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অর্থ হলো, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করবে। জামিনযোগ্য পরোয়ানার ক্ষেত্রে গ্রেফতারের পর জামিন পাওয়ার সুযোগ থাকে। তবে জামিন অযোগ্য পরোয়ানার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকে না। অবশ্য এ ধরনের পরোয়ানা জারি হওয়া মানেই অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। মূলত আদালতে তার উপস্থিতি নিশ্চিত করতেই এ আইনি পদক্ষেপ নেওয়া হয়।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ৩ ডিসেম্বর সাকেত আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জার্মানিতে বসবাসরত ধ্রুব রাঠি ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসেছিলেন। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেঙ্গালুরুতে বিক্ষোভে অংশ নেওয়ার পর দিল্লিতে পূর্বনির্ধারিত আরেকটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তার। এর আগে গুরুগ্রামের বাসভবন থেকে পুলিশ তাকে আটক করে। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
সময়ের আলো/ইউএমএইচ