এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। সংগৃহীত ছবিগুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির জেরে পদত্যাগের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়ার পর হুয়াংয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই বলে নিশ্চিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। সোমবার (২৩ নভেম্বর) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এনভিডিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ‘সঠিক ও যথাযথ সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, হুয়াংয়ের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পর তার স্পষ্টবাদিতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় সন্তুষ্ট হয়েছেন পরিচালকেরা। এরপর পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে অবিলম্বে প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পর্ষদ সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র সরকারের কোন কোন কর্মকর্তার সঙ্গে তারা আলোচনা করেছেন কিংবা সেসব কর্মকর্তা কী মতামত দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি এনভিডিয়া।
ট্রাম্প প্রকাশ্যে এনভিডিয়াকে হুয়াংকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানোর তিন দিন পর এই সিদ্ধান্ত এলো। এর আগে তিনি হুয়াংকে বিশ্বের অন্যতম প্রকৃত মেধাবী ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছিলেন, তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলে তা হবে দারুণ বিষয়।
ট্রাম্প হুয়াংকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করলেও তার কিছু সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে এনভিডিয়ার উচিত তাকে পুনরায় নিয়োগ দেওয়া বলেও মত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
অবশ্য এনভিডিয়ায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন হুয়াং নিজেও। তবে প্রথম দিকে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল পরিচালনা পর্ষদ।
গত সপ্তাহে আর্থিক প্রতিবেদনসংক্রান্ত এক আলোচনায় পর্ষদ চেয়ারম্যান হার্ভে জোন্স জানিয়েছিলেন, পরিচালকেরা সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তাকে সিইও পদে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনাও তাদের নেই।
পুনরায় দায়িত্ব পেয়ে পরিচালনা পর্ষদ, কর্মী, শেয়ারহোল্ডার ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন হুয়াং। তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিনয় ও নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি। কাজে ফিরতে আর অপেক্ষা করতে পারছি না।’
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার কয়েকশ কোটি ডলারের চিপ কিনেছিল। প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা।
মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অ্যালিস বেইজিংয়ের কাছে তথ্য পাচার করেছিলেন। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার এনভিডিয়ার পর্ষদ চেয়ারম্যান হার্ভে জোন্স বলেন, পরিচালকেরা এখন মনে করেন, প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য হুয়াংই উপযুক্ত ব্যক্তি। তার প্রত্যাবর্তন শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সহায়ক হবে বলেও তারা বিশ্বাস করেন।
এদিকে সংকটের সময় এনভিডিয়ার ইতিহাসে প্রথম পর্ষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া সিনোপসিসের সাবেক প্রধান নির্বাহী হার্ভে জোন্স স্বপদে বহাল থাকবেন। অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করা প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসও আগের পদে দায়িত্ব চালিয়ে যাবেন।
এনভিডিয়া জানিয়েছে, হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে চলতি মাসের শুরুতে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে গঠিত কমিটি তদন্ত শুরু করেছিল। হুয়াংকে পুনর্বহাল করা হলেও সেই তদন্ত চলবে। এ কাজে সহযোগিতা করার পাশাপাশি তদন্তকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
সময়ের আলো/ইউএমএইচ