অগ্নিসংযোগ থেকে জমি দখল : রামাল্লার ফিলিস্তিনি গ্রামগুলো দখলে নিচ্ছে বসতি স্থাপনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার আশপাশের গ্রামগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। কখনো ঘরে আগুন, কখনো গাড়ি

2026-11-23T19:41:13+00:00
2026-11-23T19:41:13+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অগ্নিসংযোগ থেকে জমি দখল : রামাল্লার ফিলিস্তিনি গ্রামগুলো দখলে নিচ্ছে বসতি স্থাপনকারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম 
অধিকৃত পশ্চিম তীরের হেবরনের পশ্চিমে ইদনা এলাকায় কথিত অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ও ইসরায়েলি বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক ইসরায়েলি বসতি স্থাপনকারী। ছবি : মিডল ইস্ট আই
অধিকৃত পশ্চিম তীরের হেবরনের পশ্চিমে ইদনা এলাকায় কথিত অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ও ইসরায়েলি বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক ইসরায়েলি বসতি স্থাপনকারী। ছবি : মিডল ইস্ট আই
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার আশপাশের গ্রামগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। কখনো ঘরে আগুন, কখনো গাড়ি পুড়িয়ে দেওয়া, আবার কখনো জমি দখল করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তারা। হামলার শিকার হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। হারাচ্ছেন বাপ-দাদার ভিটা, ফসলের জমি আর নিরাপদে বেঁচে থাকার অধিকার।    

সম্প্রতি রামাল্লার কাছাকাছি তিনটি গ্রামে সমন্বিত হামলা চালিয়ে বেশ কয়েকটি ফিলিস্তিনি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বসতি স্থাপনকারীরা। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এসব হামলা চলে। বাড়িঘরের দেয়ালে আরবি ভাষাভাষীদের হত্যার আহ্বান জানিয়ে এবং প্রতিশোধের হুমকি দিয়ে হিব্রু ভাষায় বর্ণবাদী স্লোগানও লিখে যায় তারা।      

দেইর আল-সুদান গ্রামের পরিষদপ্রধান রাফাত আবু মুসা মিডল ইস্ট আইকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বসতি স্থাপনকারীরা গ্রামের দক্ষিণ অংশে ঢুকে দুটি গাড়িতে আগুন দেয়। আশপাশের বাড়ির দেয়ালেও বর্ণবাদী স্লোগান লিখে যায়। প্রায় দুই মাস আগেও একই এলাকায় হামলা চালিয়ে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল।  

তার ভাষ্য, পাশের উম্মে সাফা গ্রামের জাবাল আল-রাস পাহাড়ের চূড়ায় গড়ে তোলা নতুন একটি বসতি থেকে হামলাকারীরা এসেছিল। প্রায় পাঁচ মাস আগে ওই পাহাড়ের বড় একটি অংশ দখল করে সেখানে বসতি ও সড়ক নির্মাণ করে তারা।

এর ফলে গ্রামের অর্ধেকের বেশি জলপাইগাছের কাছে যেতে পারছেন না ফিলিস্তিনি বাসিন্দারা। নিজেদের জমিতে যেতে চাইলেও বসতি স্থাপনকারীদের হামলা ও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের।

আবু মুসার অভিযোগ, ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীরা এসব হামলায় ইন্ধন দিচ্ছেন। তার কথায়, ‘এটি ভয়াবহ আক্রমণ। পরিকল্পিতভাবে বারবার এমন হামলা চালানো হচ্ছে।’

গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাড়ি পোড়ানোর ঘটনাটি ঘটেছে এমন একটি এলাকায়, যা অসলো চুক্তি অনুযায়ী ‘এরিয়া এ’ হিসেবে চিহ্নিত। এই অঞ্চলে একক নিয়ন্ত্রণ থাকার কথা ফিলিস্তিনিদের।

তদন্তের আশ্বাস, বিচার মেলে না

দেইর আল-সুদানে হামলার কয়েক ঘণ্টা পর রামাল্লার পূর্বে কাফর মালিক শহরে সাতটি গাড়িতে আগুন দেয় বসতি স্থাপনকারীরা।

স্থানীয় বাসিন্দা জিহাদ কাক জানান, ১০ জনের বেশি বসতি স্থাপনকারী শহরের উত্তর অংশে ঢুকে ফিলিস্তিনিদের বাড়িঘরের সামনে গাড়িতে আগুন দেয়। বাড়ির দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে পরে সেখান থেকে চলে যায় তারা।

কাকের অভিযোগ, হামলার প্রায় এক ঘণ্টা পর ইসরায়েলি সেনারা শহরে ঢুকে আগুন নেভানোর কাজে নিয়োজিত বেসামরিক প্রতিরক্ষা দলকে সরিয়ে দেয়। বাসিন্দাদেরও এলাকা ছাড়তে বাধ্য করা হয়। 

পরে সেনারা তদন্তের কথা বলে ঘটনাস্থল ছাড়লেও কোনো ফলাফল জানায়নি। স্থানীয়দের কাছে তদন্তের আশ্বাস যেন এখন নিয়মিত ঘটনা, কিন্তু বিচার পাওয়ার অভিজ্ঞতা নেই। 


কাক জানান, দেড় বছর আগেও গ্রামের দক্ষিণ অংশে বসতি স্থাপনকারীরা গাড়িতে আগুন দিয়েছিল। ওই সময় তিন ফিলিস্তিনি তরুণ নিহত হন।

এবার জলপাই সংগ্রহের মৌসুমেও কৃষকদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না। তার দাবি, বসতি স্থাপনকারীদের বাধা, হামলা ও মারধরের কারণে এ বছর ৭০ শতাংশের বেশি ফিলিস্তিনি জলপাই সংগ্রহকারী নিজেদের জমিতে যেতে পারেননি।

জলপাইয়ের মৌসুমেও নিরাপদ নন কৃষকরা

রামাল্লার পশ্চিমে দেইর আবু মাশাল গ্রামের পূর্ব অংশেও হামলা চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ‘এরিয়া বি’ হিসেবে চিহ্নিত ওই এলাকায় আটটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাড়ির দেয়ালে লেখা হয়েছে বর্ণবাদী স্লোগান।

গ্রাম পরিষদপ্রধান জামিল মুসা জানান, কয়েক মাস আগে আশপাশে গড়ে তোলা একটি বসতি থেকে আট থেকে ১০ জনের একটি দল রাত আড়াইটার দিকে গ্রামে ঢুকে হামলা চালায়। পরে তারা সেখান থেকে চলে যায়।

হামলার পর ইসরায়েলি সেনারা গ্রামে অভিযান চালিয়ে তদন্তের আশ্বাস দেয়। পুলিশও বিষয়টি দেখবে বলে জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত পুলিশের কেউ সেখানে আসেনি। 

এর আগেও দুই মাস আগে গ্রামটিতে গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। ২০২৫ সালের জুনে কয়েকটি পরিবারের ওপর হামলা চালিয়ে পাঁচ তরুণকে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন।

জামিল মুসার ভাষ্য, বসতি স্থাপনকারীদের হামলার কারণে গ্রামের প্রায় অর্ধেক জমিতে জলপাই সংগ্রহ করতে পারছেন না বাসিন্দারা। বছরের পর বছর যে জমিতে তাদের জীবিকা নির্ভর করেছে, সেই জমিতেই এখন তাদের প্রবেশ অনিশ্চিত।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ওই মাসে প্রাণহানি, আহত হওয়া কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এমন ৪৬৭টি হামলার তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। ২০০৬ সালে এ ধরনের ঘটনা নথিভুক্ত করা শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ সংখ্যা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ২ হাজার ১৫৯টি হামলার তথ্য পেয়েছে ওসিএইচএ। প্রতিদিন গড়ে ৭ দশমিক ৪টি হামলা হয়েছে। ২০২৫ সালে দৈনিক গড় হামলার সংখ্যা ছিল পাঁচটি।

বিশেষ করে জলপাই সংগ্রহের মৌসুমে এসব হামলার তীব্রতা বেড়েছে। ১ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত জলপাই সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট ২৭২টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। এসব ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত, ২০০ জন আহত এবং ৩ হাজার ২০০টির বেশি জলপাইগাছ ধ্বংস হয়েছে।

এভাবে একদিকে আগুনে পুড়ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহন, অন্যদিকে দখল হয়ে যাচ্ছে তাদের চাষের জমি। যে জলপাইগাছগুলো বহু বছর ধরে একটি পরিবারের জীবিকা জুগিয়েছে, সেগুলোও এখন হামলার লক্ষ্যবস্তু। নিজেদের মাটিতে টিকে থাকার লড়াইয়ে প্রতিদিনই নতুন অনিশ্চয়তার মুখে পড়ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ফিলিস্তিন  ইসরায়েল  বসতি স্থাপনকারী  রামাল্লা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: