
গণহত্যার অভিযোগে মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। সংগৃহীত ছবি
গণহত্যার অভিযোগে মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। সংগৃহীত ছবিরোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা হিসেবে আদালতের এই রায়কে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজারো রোহিঙ্গা প্রাণ হারান। প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। ওই সময় রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর নির্যাতন এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে।
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার ও।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে শুধু নৈতিক অবস্থান জানালেই যথেষ্ট নয়, এর পাশাপাশি বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি।
তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হওয়ার সময় মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন দেশটির বর্তমান নেতা মিন অং হ্লাইং। ওই সময়ে সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী। ২০২১ সালেই যুক্তরাজ্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারকে মানবাধিকার লঙ্ঘনের চলমান ঘটনাগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি সংঘটিত অপরাধগুলোর তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
তিনি অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সংলাপ শুরুর আহ্বান জানান। একই সঙ্গে দেশটিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া গত সপ্তাহে আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে যুক্তরাজ্য। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার ঘোষিত রায়ে আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, আদালতে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনায় গণহত্যার অভিপ্রায় ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বিচারকদের ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগেও সংখ্যাগরিষ্ঠ বিচারক মিয়ানমারের বিরুদ্ধে রায় দিয়েছেন।
আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। তবে মিয়ানমার সরকার বরাবরই তাদের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ওই সময় দেশটির নেতৃত্বে ছিলেন অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।
অন্যদিকে, মিয়ানমারে এখনো বিমান হামলা এবং আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে যুক্তরাজ্যের পার্লামেন্টে জানানো হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ