কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় জয়, চাপে পড়বেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফল গণনা শেষে প্রতিনিধি পরিষদ ও সিনেটে

2026-11-24T12:05:05+00:00
2026-11-24T12:05:05+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় জয়, চাপে পড়বেন ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম 
আইন প্রণয়ন ও সরকারি কর্মকাণ্ডের ওপর নজরদারির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে থাকবে ডেমোক্র্যাটরা। ছবি : সংগৃহীত
আইন প্রণয়ন ও সরকারি কর্মকাণ্ডের ওপর নজরদারির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে থাকবে ডেমোক্র্যাটরা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের চূড়ান্ত ফল গণনা শেষে প্রতিনিধি পরিষদ ও সিনেটে দলটির আসনসংখ্যা আরও বেড়েছে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে আইন প্রণয়ন ও সরকারি কর্মকাণ্ডের ওপর নজরদারির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে থাকবে ডেমোক্র্যাটরা।

সোমবার পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ২৫৮টি। চারটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে, সিনেটের ১০০টি আসনের মধ্যে ৫৬টিতে জয় পেয়েছে দলটি।

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের সদস্যদের শপথ গ্রহণের পর ডেমোক্র্যাটরা এই সংখ্যাগরিষ্ঠতা কীভাবে কাজে লাগাবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনের ফল কী বলছে
মধ্যবর্তী নির্বাচনে ১৯৯২ সালের পর প্রতিনিধি পরিষদে এবং এক দশকের বেশি সময়ের মধ্যে সিনেটে নিজেদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭৩-এ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন।

নির্বাচনের ফলকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রতি ভোটারদের কঠোর প্রত্যাখ্যান হিসেবেও দেখা হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ, কঠোর অভিবাসন অভিযান ও দুর্নীতির মতো বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।

ডেমোক্র্যাটদের জয় শুধু ঐতিহ্যগতভাবে দলটির শক্তিশালী এলাকাগুলোতে সীমাবদ্ধ ছিল না। টেক্সাস, মিসিসিপি ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন দলটির প্রার্থীরা।

এখনো চার আসনের ফল বাকি
প্রতিনিধি পরিষদের চারটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি। এর মধ্যে মিনেসোটা ও টেনেসিতে একটি করে এবং লুইজিয়ানায় দুটি আসন রয়েছে। এসব আসনের নিষ্পত্তি হবে আগামী ১২ ডিসেম্বরের রান-অফ নির্বাচনে।

এই চার আসনেও জয় পেলে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়বে। ফলে চূড়ান্ত হিসাবে দলটির আসনসংখ্যা কত দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

ডেমোক্র্যাটদের পরিকল্পনা কী
কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের কর্মসূচির ওপর লাগাম টানতে তা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে ডেমোক্রেটিক পার্টি। তবে নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর দলটির মধ্যে আরও উচ্চাভিলাষী আইন প্রণয়ন কর্মসূচি নেওয়ার আলোচনা শুরু হয়েছে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা প্রথম ১০০ দিনের কর্মসূচির একটি রূপরেখা দিয়েছে। এতে ধনী ব্যক্তিদের জন্য দেওয়া করছাড় বাতিল এবং ট্রাম্পের শাসনামলে মেয়াদোত্তীর্ণ হওয়া স্বাস্থ্যসেবা ভর্তুকি পুনর্বহালের পরিকল্পনা রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন দলটির আইনপ্রণেতারা। তবে সামরিক অভিযান বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে মতভেদ রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার ক্ষমতা কংগ্রেসের।

দলটির প্রগতিশীল অংশের নেতারা অবশ্য মধ্যপন্থীদের সমালোচনা করছেন। তাদের অভিযোগ, যুদ্ধ বন্ধে অর্থায়ন বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মধ্যপন্থীরা অনাগ্রহী।

এ ছাড়া নির্বাহী বিভাগের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের। এ জন্য তদন্ত শুরু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করার ক্ষমতা ব্যবহার করতে চান তারা।

সোমবার প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মনোনীত হাকিম জেফ্রিস বলেছেন, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন কংগ্রেস চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার কর্মকাণ্ড নিয়ে দ্রুত, পূর্ণাঙ্গ ও বিস্তৃত তদন্ত করবে। পাশাপাশি বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিকের ক্ষমতার অপব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হবে।

সিনেটেও ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাটরা। এসব পদে নিয়োগের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন।


ট্রাম্পের হাতে থাকছে ভেটো ক্ষমতা
কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা বহাল থাকবে। ফলে ডেমোক্র্যাটরা কোনো বিল পাস করলেও ট্রাম্প তাতে ভেটো দিতে পারবেন।

তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্পের সঙ্গে সমঝোতা করে কাজ করার সুযোগ দেখছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ। তাদের ধারণা, বিরোধী দলের সঙ্গে সহযোগিতা করলে ট্রাম্পও রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন।

নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ এ ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির নাম ট্রাম্পের নামে রাখার প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি রসিকতাপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি।

‘ট্রাম্পকেয়ার’ নামে একটি কাল্পনিক স্বাস্থ্যবিমা কর্মসূচির কার্ড দেখিয়ে এক পোস্টে এল-সায়েদ লেখেন, ‘ডোনাল্ড, এই প্রস্তাবটি বিবেচনাধীন আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক আমেরিকানের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।’

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবেন ট্রাম্প?
তবে নির্বাচনের পর ট্রাম্প তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেন, এমন ইঙ্গিত খুব একটা নেই। নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই কঠোর অভিবাসন নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন তিনি। এ সিদ্ধান্তকে ডানপন্থী নীতিগত অগ্রাধিকারের প্রতি আরও গুরুত্ব দেওয়ার পদক্ষেপ হিসেবে দেখা হয়েছে।

মাঝেমধ্যে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিলেও নিজের ভেটো ক্ষমতা কঠোরভাবে প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেটের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমারের সমালোচনাও করেছেন তিনি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন শুমার। আগামী কংগ্রেসে আবারও ওই পদে আসার চেষ্টা করছেন তিনি।

রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শুমার সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হলে তার সঙ্গে কাজ করা কঠিন হবে।

ট্রাম্প আরও বলেন, নেতা হিসেবে শুমার আগেও শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। এবারও তার ব্যর্থ হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই।

এদিকে কংগ্রেসের তদন্ত কার্যক্রম আগ্রাসীভাবে পরিচালনা করা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউস। গত ৯ নভেম্বর এক চিঠিতে হোয়াইট হাউসের আইনজীবী উইল শার্ফ অভিযোগ করেন, নতুন কংগ্রেসের সদস্যরা তাঁদের সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘনের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

চিঠিতে কংগ্রেসের সম্ভাব্য তদন্ত কার্যক্রমের বিষয়েও সতর্ক করা হয়। ফলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের বাড়তি সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র তৈরি করতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   কংগ্রেস  ডেমোক্র্যাট  বড় জয়  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: