
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিমাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার মধ্যে নতুন এক রাসায়নিক বিপদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের গবেষণায় দেখা গেছে, পানির সংস্পর্শে এলে এসব কণা এমন কিছু সক্রিয় অণু তৈরি করতে পারে, যা জীবদেহের কোষ ও টিস্যুর ক্ষতি করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকদের এ গবেষণার তথ্য প্রকাশ করেছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সডেইলি। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে।
খাবারের প্যাকেট, পানির বোতল, শিশুদের খেলনাসহ দৈনন্দিন জীবনের নানা পণ্যে প্লাস্টিকের ব্যবহার ব্যাপক। রাসায়নিকভাবে স্থিতিশীল বলে এত দিন প্লাস্টিককে তুলনামূলক নিষ্ক্রিয় পদার্থ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিক ও আরও ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিকে পরিণত হলে এর রাসায়নিক আচরণে পরিবর্তন আসে।
প্লাস্টিকের এসব ক্ষুদ্র কণা পরিবেশের সংস্পর্শে আসার পর পানির সঙ্গে বিক্রিয়া করে উচ্চ শক্তিসম্পন্ন ও অত্যন্ত সক্রিয় কিছু অণু তৈরি করতে পারে। এগুলোকে বলা হয় রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস (আরওএস)। জীবন্ত কোষের ক্ষতি করার সক্ষমতা রয়েছে এসব অণুর।
কলম্বিয়া ইউনিভার্সিটির রসায়ন ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ওয়েই মিন জানান, প্লাস্টিক ভেঙে যত ছোট কণায় পরিণত হয়, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তত বেড়ে যায়। ফলে আশপাশের পানির সঙ্গে কণাগুলোর মিথস্ক্রিয়া বাড়ে। এ প্রক্রিয়ায় পানি নিজেই রাসায়নিকভাবে পরিবর্তিত হয় এবং সক্রিয় র্যাডিক্যাল তৈরি হয়। প্রাণীদেহে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে যে জৈবিক ক্ষতি দেখা যায়, তার পেছনে এসব র্যাডিক্যালের ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের পর কী ঘটে, তা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মানুষের রক্ত ও কোষে প্রচুর পানি থাকায় সেখানে মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে পানির রাসায়নিক বিক্রিয়া ঘটার অনুকূল পরিবেশ রয়েছে। ফলে মানবদেহেও এসব কণা আরওএস তৈরি করতে পারে। অত্যন্ত সক্রিয় এই অণুগুলো কোষ, টিস্যু ও শরীরের বিভিন্ন জৈবিক কাঠামোর ক্ষতি করতে সক্ষম। মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সঙ্গে সম্পর্কিত কিছু ক্ষতিকর প্রভাবের সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে গবেষণাটি।
তবে এই রাসায়নিক প্রক্রিয়ার কারণে মানুষের নির্দিষ্ট কোনো রোগ হয় কি না, তা গবেষণায় প্রমাণিত হয়নি। এর আগে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, নেচার মেডিসিন ও নেচার হেলথ-এর মতো সাময়িকীতে প্রকাশিত গবেষণায় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শের সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডিমেনশিয়া ও মস্তিষ্কের টিউমারের মতো গুরুতর স্বাস্থ্যসমস্যার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তবে প্লাস্টিককে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় মনে করা হলে এর ক্ষুদ্র কণাগুলো কীভাবে জীবদেহের ক্ষতি করে, সেই প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা এত দিন পাওয়া যায়নি।
নতুন গবেষণায় সেই অজানা রাসায়নিক প্রক্রিয়াটি চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় অংশ নেওয়া পোস্টডক্টরাল গবেষক নাইশিন কিয়ান বলেন, মাইক্রোপ্লাস্টিক পানির সংস্পর্শে এলে—তা বোতলজাত পানিতেই থাকুক কিংবা মানুষের রক্তপ্রবাহে প্রবেশ করুক—স্বতঃস্ফূর্তভাবে আরওএস তৈরি করতে পারে। এসব অণু প্রাণী ও মানুষের টিস্যুর ক্ষতি করতে সক্ষম।
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, এই রাসায়নিক বিক্রিয়ায় পানি কেবল নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে থাকে না; বরং সক্রিয় ভূমিকা পালন করে। এ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা গেলে ভবিষ্যতে এমন প্লাস্টিক উদ্ভাবন সম্ভব হতে পারে, যা পানির সংস্পর্শে এসে ক্ষতিকর সক্রিয় অণু তৈরির ঝুঁকি কমাবে।
বিজ্ঞানীদের মতে, মাইক্রোপ্লাস্টিক আশপাশের পানির রাসায়নিক বৈশিষ্ট্য বদলে দিতে পারে— এমন তথ্য প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। একই সঙ্গে জীবদেহের সঙ্গে এসব ক্ষুদ্র কণার মিথস্ক্রিয়া কীভাবে ঘটে, তা বোঝার নতুন পথ তৈরি হয়েছে। এর মাধ্যমে পরিবেশ ও স্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি কমানোর কৌশল উদ্ভাবনেও সহায়তা মিলতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ