
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিরোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর দেশটির পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলো। ২০১৭ সালে পরিচালিত এক সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
আইসিজের রায়কে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে একমত হয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো চরম নৃশংস অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটানো জরুরি। আর তা হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে।
নিষেধাজ্ঞার আওতাধীন পাঁচ শীর্ষ সামরিক নেতা হলেন—মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ। মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং অসংখ্য নৃশংস ঘটনার জন্য সরাসরি দায়ী। কারণ, ২০১৭ সালে গণহত্যা চলার সময় তিনিই দেশটির সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।
তিনি আরও বলেন, মিয়ানমারকে অবশ্যই চলমান নিপীড়ন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে হবে। মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করা জরুরি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করা হবে। এর আগে গত সপ্তাহে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পরপরই যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন তিনি।
সোমবার ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার আদালত তার পর্যবেক্ষণে জানায়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে এটাই স্পষ্ট যে, সেখানে গণহত্যার উদ্দেশ্যই ছিল একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেলের ৯-৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে আইসিজে এই রায় দেয়। পাশাপাশি সংখ্যাগরিষ্ঠের রায়ে আদালত আরও জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও বেশ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে।
সময়ের আলো/ইউএমএইচ