সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, হুঁশিয়ারি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান সংঘাত এবং মার্কিন-ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের হাতে উল্লেখযোগ্য পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। এর ফলে ওয়াশিংটনের যুদ্ধকৌশল

2026-11-24T22:57:17+00:00
2026-11-24T22:57:17+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সাতটি শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, হুঁশিয়ারি তেহরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
চলমান সংঘাত এবং মার্কিন-ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের হাতে উল্লেখযোগ্য পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। এর ফলে ওয়াশিংটনের যুদ্ধকৌশল ও হিসাব-নিকাশে নতুন জটিলতা তৈরি হচ্ছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ দেড় হাজার থেকে আড়াই হাজারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অস্ত্রের মজুদ নিরূপণে জটিলতার কারণে কর্মকর্তারা এই হিসাবকে কম আস্থার (লো-কনফিডেন্স) বলে উল্লেখ করেছেন। তবে এটি স্পষ্ট যে, সংঘাতের ধাক্কা সামলেও তেহরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো টিকে আছে।

অন্যদিকে, ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, ইরানের কাছে দেড় হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। চলতি মাসের শুরুতে একটি পশ্চিমা সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, ইরানের হাতে অন্তত ১ হাজার ৭০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে এবং দেশটি প্রতি মাসে প্রায় ৫০টি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম। ইতিমধ্যে ইরান আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রকাশ্যে এনেছে, যা মার্কিন ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠন নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির গুরুত্ব কেবল ক্ষেপণাস্ত্রের সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। টিকে থাকা এই সমরভান্ডার তেহরানকে এমন সক্ষমতা দিচ্ছে, যার মাধ্যমে ওয়াশিংটন ও তেল আবিব নতুন করে বড় ধরনের হামলা চালালে অঞ্চলজুড়ে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার আশঙ্কা তৈরি হচ্ছে।

এদিকে, ইরানের সাতটি শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা পদক্ষেপ নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষ কোনো ভুল হিসাব-নিকাশ করলে ইরান কঠোর জবাব দেবে এবং প্রয়োজনে সংঘাতের ভূগোল বদলে দিতে প্রস্তুত রয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক মন্তব্য ও হুমকির জবাবে গালিবাফ এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তনীয়। গালিবাফের মতে, ইরানের নাগরিকদের বিরুদ্ধে হুমকি এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি প্রতিপক্ষের অসহায়ত্বকেই তুলে ধরে। এর আগে সোমবারও গালিবাফ মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন একটি অচলাবস্থা চাপিয়ে দিতে চাইছে, যার অবসান ঘটানো জরুরি। তিনি জোর দিয়ে বলেন, টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে হলে দেশকে ভেতর থেকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জাতীয় ঐক্য অটুট রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত অক্টোবরে প্রথমবারের মতো এই সাত শর্তের কথা সামনে আনেন গালিবাফ। যদিও ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শর্তগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তেল রপ্তানিতে ছাড় দেওয়া। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান ও বৈরী তৎপরতা বন্ধ করা এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার শর্তও রয়েছে। পাশাপাশি সংঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও শর্তগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি বছরের শুরুতে উত্তেজনা চরমে ওঠার পর জুনে একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়। এরপর জুলাইয়ের শুরুতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুদ্ধবিরতি ভেঙে পড়ে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন চাপ আরও বাড়িয়েছে। চুক্তি না হলে নতুন বছরের পর আবারও হামলার পথে হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছেন এবং একের পর এক নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। এমন টানাপোড়েনের মধ্যেই তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শর্ত পূরণ না হলে আলোচনার টেবিলে ফেরার কোনো সুযোগ নেই।

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  তেহরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: