
ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস। সংগৃহীত ছবি
ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস। সংগৃহীত ছবি ভারতের ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির সরকারের বিরুদ্ধে। দিল্লি থেকে লন্ডন যাওয়ার পথে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসে ককরোচ জনতা পার্টি। পরে ভোট চুরির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও আন্দোলনে নামে সংগঠনটি। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে কারাবরণও করতে হয়েছিল সৌরভকে। এবার তার বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ সামনে এলো।
সৌরভের ভাষ্য, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে তার যাওয়ার কথা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ছাত্র সংসদের আমন্ত্রণে ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। রাত ১টায় ফ্লাইট ছাড়ার কথা থাকায় নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছান তিনি।
তবে ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তাকে জানানো হয়, তার পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ করা হয়েছে। ফলে বিদেশযাত্রা করতে পারেননি তিনি।
গভীর রাতে দিল্লি বিমানবন্দর থেকেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সৌরভ। সেখানে তিনি বলেন, রাত ১টায় তার ফ্লাইট ছিল। অক্সফোর্ডের ছাত্র সংসদ তাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জানতে পারেন, তার পাসপোর্ট ফ্ল্যাগ করা হয়েছে। তাঁর অভিযোগ, সরকার তাকে দেশের বাইরে যেতে বাধা দিয়েছে।
সরকারের ভূমিকার সমালোচনা করে সৌরভ বলেন, সরকার কেন এতটা ভয় পাচ্ছে, তা তার বোধগম্য নয়। তার দাবি, শিক্ষিত একজন তরুণ দেশের বাইরে যাচ্ছিলেন, অথচ তাকে আটকে দেওয়া হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট কিংবা আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের মতো আচরণ করতে পারলে হয়তো তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হতো না। বিজয় মাল্য, ললিত মোদি কিংবা নীরব মোদির মতো হলে হয়তো তাকেও যেতে দেওয়া হতো। এমনকি অরুণ জেটলির মতো কারও সঙ্গে ব্যক্তিগত বৈঠকের সুযোগও পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
সৌরভ আরও বলেন, তারা গুন্ডামি, মারামারি কিংবা হুমকির রাজনীতি করেন না। ভালো কাজ করতে গেলেই তাদের বাধার মুখে পড়তে হচ্ছে। অক্সফোর্ডের মতো সম্মানজনক প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পাওয়ার পরও যেতে না পারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ভারত সরকারকে শিক্ষাবিরোধী আখ্যা দিয়ে সৌরভ বলেন, ককরোচ আন্দোলন নিয়ে সরকার এতটাই উদ্বিগ্ন যে তার পাসপোর্টের ওপরও হস্তক্ষেপ করা হচ্ছে। তবে এসব বাধায় আন্দোলন থামবে না বলে জানান তিনি। তার ভাষ্য, সামনে অনেক সময় রয়েছে এবং জীবনে আরও অনেক কিছু করার আছে।
ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও সমালোচনা করেন সৌরভ। তার দাবি, মন্ত্রিসভা সম্প্রসারণ করতে না পারাসহ বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকার চাপের মধ্যে রয়েছে।
এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপও সৌরভকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগে সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্যাংক লুট কিংবা আর্থিক জালিয়াতি করলে সরকার হয়তো সৌরভকে নির্বিঘ্নে লন্ডনে যেতে দিত।
সময়ের আলো/ইউএমএইচ