ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মহাসচিব মার্ক রুটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মহাকাশে সম্ভাব্য যেকোনো হুমকি থেকে ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম

2026-11-24T19:49:35+00:00
2026-11-24T19:49:35+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মহাসচিব মার্ক রুটে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম 
ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মহাসচিব মার্ক রুটে
ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মহাসচিব মার্ক রুটে
মহাকাশে সম্ভাব্য যেকোনো হুমকি থেকে ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে— জার্মান সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর তিনি এ অঙ্গীকার করেন। 

জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সম্ভাব্য এই উৎক্ষেপণ নিয়ে গোয়েন্দা তথ্য চলতি মাসে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে বিনিময় হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী ৬০ দিনের মধ্যে এ ধরনের একটি উপগ্রহ মহাকাশে পাঠাতে পারে মস্কো। তবে গোয়েন্দা প্রতিবেদনটি কোন দেশ তৈরি করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, এ ধরনের প্রতিবেদন আগে প্রকাশিত হয়েছে। তবে প্রতিবারই বিষয়টি সমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। জার্মান সরকারের মুখপাত্রও জানিয়েছেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগটি নাকচ করেছেন। তিনি বলেন, এ ধরনের কোনো প্রতিবেদন তাঁর চোখে পড়েনি। অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত খবরকে গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে এবং এগুলোকে প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেছে।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জ্যুডডয়েচে সাইটুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য উপগ্রহটির সাংকেতিক নাম ‘স্পুতনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড থাকার আশঙ্কা রয়েছে। এই অস্ত্রের মাধ্যমে অন্যান্য উপগ্রহ অকার্যকর কিংবা ধ্বংস করা সম্ভব হতে পারে। বিশেষ করে যোগাযোগ ও নজরদারির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপগ্রহগুলো এর লক্ষ্যবস্তু হতে পারে।


বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, জোটটি তার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের নিরাপত্তার ক্ষেত্রেও একই অঙ্গীকার কার্যকর থাকবে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী ন্যাটো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সক্ষমতা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান ইয়োসেফ আশবাখার জার্মান পত্রিকা হ্যান্ডেলসব্লাটকে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি, যা চরম দুঃস্বপ্নের মতো।

১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী, মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। রাশিয়াও এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে।

এ বিষয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষণা কেন্দ্রের সহপরিচালক ব্লেডিন বোয়েন বলেন, মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে ১৫ হাজারেরও বেশি সক্রিয় উপগ্রহ রয়েছে। এ ধরনের বিস্ফোরণে রাশিয়ার নিজস্ব মহাকাশ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, রাশিয়া পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম মহাকাশভিত্তিক উপগ্রহবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। তবে মস্কো ওই অভিযোগ প্রত্যাখ্যান করে। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোর বিরোধী রাশিয়া। 


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   রাশিয়া  পারমাণবিক  অস্ত্রবাহী  উপগ্রহ  মহাকাশ প্রতিরক্ষা  ন্যাটো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: