
ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ছবি : রয়টার্স
ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ছবি : রয়টার্স যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে ‘সব ধরনের উপায়’ব্যবহারের হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা তেলবাহী জাহাজগুলোর ওপর হামলা বাড়িয়েছে দেশটি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালিতে হামলার ঘটনা বাড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কোনোভাবেই মেনে নেবে না তেহরান। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আত্মরক্ষার জন্য যেকোনো উপায় ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল রফতানি প্রায় বন্ধ হয়ে গেছে। গত এপ্রিল মাসে প্রথমবার এই অবরোধ কার্যকর করা হয়। তবে জুনে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তা প্রত্যাহার করা হয়েছিল। পরে ওই সমঝোতা ভেঙে গেলে কয়েক সপ্তাহের মধ্যেই আবার অবরোধ আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ বাড়তে থাকায় ইরানের অর্থনীতি ক্রমেই সংকটে পড়ছে। এর মধ্যে তেলবাহী জাহাজে হামলার ঘটনাও বেড়েছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।
তেলবাহী জাহাজে হামলা কতটা বেড়েছে?
যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক নৌযানে হামলার ঘটনা ঘটছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের পুঁতে রাখা বলে ধারণা করা নৌমাইনে আঘাত লেগে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে। শুধু গত এক সপ্তাহেই ২৫টির বেশি ট্যাংকার হামলার শিকার হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের অনুমতি ছাড়াই কিছু তেলবাহী জাহাজ ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করছে। ইরানি কর্মকর্তাদের নজর এড়াতে অনেক জাহাজ রাতের অন্ধকারে চলাচল করছে এবং নিজেদের অবস্থান শনাক্ত করার নেভিগেশন ট্রান্সপন্ডার বন্ধ রাখছে।
তবে গোপনে চলাচলের এই কৌশলও বিপদমুক্ত নয়।
মঙ্গলবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দেশটির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।
ইরানের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে প্রণালির পূর্ব পাশে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের লক্ষ্য ও দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। এসব দাবির মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য তেলবাহী জাহাজের মালিকদের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার ইরানের সেনাপ্রধান আমির হাতামি হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি শত্রুপক্ষের জন্য পরিস্থিতি আরও কঠিন করতে হবে।
ইরানের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ‘হরমুজ প্রণালির ওপর আমাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে হবে। এটি পরিচালনায় আমাদের ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে এবং শত্রুর জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে হবে।’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলী ওজমায়িও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে অনুমোদনহীন নৌপথ ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে তিনি বলেন, ‘অনুমোদনহীন নৌপথ পরীক্ষা করা কিংবা সমুদ্রপথের সতর্কবার্তা উপেক্ষা করার জায়গা নয় হরমুজ প্রণালি।’
ইরানের এই কৌশল কি কাজে আসছে?
ট্যাংকারে হামলা ও নৌ অবরোধের উত্তেজনা চললেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৫ ডলারে নেমে এসেছে। এর আগে একপর্যায়ে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম এআইএসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২৮টি জাহাজ। এর মধ্যে ১২টি পারস্য উপসাগরে প্রবেশ করেছে এবং ১৬টি উপসাগর থেকে বের হয়েছে। এসব জাহাজে আনুমানিক ৪১ লাখ ৮০ হাজার ব্যারেল তেল পরিবহন করা হয়েছে।
তবে এআইএস কেবল ট্রান্সপন্ডার চালু রাখা জাহাজের তথ্য সংগ্রহ করে। ফলে সংকেত বন্ধ রেখে চলাচল করা জাহাজগুলো এই হিসাবের বাইরে থেকে যায়। এ কারণে প্রণালি দিয়ে প্রকৃতপক্ষে কতটি জাহাজ চলাচল করছে, তা নির্ভুলভাবে জানা সম্ভব হচ্ছে না।
তবু যুদ্ধ শুরুর আগের পরিস্থিতির তুলনায় জাহাজ চলাচল অনেক কমেছে। যুদ্ধের আগে প্রতিদিন এই প্রণালি দিয়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করত।
গত এক সপ্তাহে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালিয়েছে। এসব হামলায় রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেগুলোর সবই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সতর্কবার্তায় জানায়, যেসব জাহাজ ইরানের বন্দরে বা দেশটির উপকূলীয় এলাকায় পণ্যবোঝাই করা জাহাজ থেকে পণ্য গ্রহণ করবে, সেগুলোকে নৌ অবরোধ এড়িয়ে চলার চেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে। এর আগে কিছু ইরানি পেট্রোলিয়াম পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পেয়েছিল।
তবে ইরানের বাণিজ্য বাধাগ্রস্ত করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে বারবার সতর্ক করে আসছে তেহরান।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কতটা প্রভাব পড়েছে?
জাহাজ চলাচলে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ২৩ তারিখ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে।
নভেম্বরের প্রথম সপ্তাহে, অর্থাৎ ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত মোট ২২৬টি জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে অথবা সেখান থেকে বের হয়েছে। কিন্তু মাসের শেষ সপ্তাহে, ১৭ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১২৫টিতে। অর্থাৎ জাহাজ চলাচল কমেছে ৪০ শতাংশের বেশি।
মাসের মধ্যে সবচেয়ে বেশি জাহাজ উপসাগর থেকে বের হয়েছে ১ নভেম্বর। ওই দিন ২৯টি জাহাজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যায়। অন্যদিকে, উপসাগরে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি জাহাজ চলাচল করেছে ৭ নভেম্বর।
এর বিপরীতে, উপসাগর থেকে জাহাজ বের হওয়ার সবচেয়ে কম সংখ্যা রেকর্ড করা হয়েছে রোববার। ওই দিন মাত্র একটি জাহাজ প্রণালি দিয়ে বের হয়েছে। একই দিনে উপসাগরে প্রবেশ করেছে মাত্র দুটি জাহাজ, যা চলতি মাসের মধ্যে সর্বনিম্ন।
সময়ের আলো/ইউএমএইচ