মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার শীর্ষ তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের

2026-11-24T23:02:18+00:00
2026-11-24T23:02:18+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার শীর্ষ তালিকায় বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৪ সালের জানুয়ারি থেকে গত মাস পর্যন্ত ইন্দোনেশিয়ার নাগরিকদের বিরুদ্ধে ৩৪ হাজার ৬৫০টি, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে ২৭ হাজার ৫০৪টি এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে ২২ হাজার ৩৫০টি ‘প্রবেশে নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ৪১ হাজার ৬৫৬ জন বিদেশি নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞার নোটিস দেওয়া হয়েছে, যার দৈনিক গড় প্রায় ১৪০ জন। গত বছর পুরো সময়ে এ সংখ্যা ছিল ৪৯ হাজার ৫২২ এবং ২০২৪ সালে ছিল ৩৪ হাজার ৫২৮।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক সাক্ষাৎকারে বলেছেন, দেশটির নির্ধারিত সব সীমান্ত প্রবেশপথে কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হলে ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। তিনি বলেন, ‘অভিবাসন আইনের ৮(৩) ধারা অনুযায়ী, প্রবেশে নিষেধাজ্ঞার প্রধান ভিত্তি ও সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অবস্থানকালীন ব্যয় নির্বাহের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থতা, সফরের উদ্দেশ্য সন্দেহজনক হওয়া বা তা যাচাই করতে না পারা কিংবা নিরাপত্তা ও কালোতালিকাভুক্ত ব্যক্তিদের তথ্যভান্ডারে নাম থাকা।’

এ ছাড়া বৈধ পাসপোর্ট বা উপযুক্ত ভিসা না থাকাও প্রবেশে বাধা দেওয়ার অন্যতম কারণ। দেশটির অভিবাসন বিভাগ অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান কিংবা অন্যান্য কর্তৃপক্ষের নির্দেশে যেসব বিদেশির প্রবেশ নিষিদ্ধ করা হয়, তাদের তথ্যও সংরক্ষণ করে।

দেশটির প্রবেশ ও বহির্গমন প্রক্রিয়ায় শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী গ্রেফতার বা বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে জাকারিয়া আরও বলেন, যাদের বিরুদ্ধে সক্রিয় গ্রেফতারি পরোয়ানা রয়েছে অথবা যারা আন্তর্জাতিকভাবে কিংবা অন্য কোনোভাবে খোঁজ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন, তাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধ কর্মসংস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণেও প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।

এসব নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য হতে পারে। প্রতিটি ঘটনার ধরন ও পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়। মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিস এড়াতে ভ্রমণকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে এমন বৈধ পাসপোর্ট, নিশ্চিত ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, পর্যাপ্ত অর্থ এবং অবস্থানের জন্য আবাসনের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

জাকারিয়া আরও বলেন, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের ছাড়া অন্য সব বিদেশিকে মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল আগমনপত্র পূরণ করতে হবে। আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড অপরাধীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইন্টারপোলের ‘রেড নোটিস’-এর মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের তথ্য বিনিময় করে মালয়েশিয়া। 

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   মালয়েশিয়া  প্রবেশ  নিষেধাজ্ঞা  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: