
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিবিশ্বজুড়ে ক্রমেই উদ্বেগজনক হারে কমছে প্রজননহার। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, দিন দিন জনশূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনটি শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি শহরে জন্মহার হ্রাসের ঘটনা দিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরে প্রায় এক লাখ মানুষের বসবাস। দেশটিতে নারীপ্রতি প্রজননহার একটি সন্তানেরও কম। সম্প্রতি মিরিয়াংয়ের সর্বশেষ প্রসূতি ওয়ার্ডটিও বন্ধ হয়ে গেছে। সেখানে কর্মরত দুই চিকিৎসকের বয়স ছিল যথাক্রমে ৭৩ ও ৬৪ বছর। ওয়ার্ডটি চালু রাখতে তাদের দিন-রাত প্রস্তুত থাকতে হতো। অথচ বেশির ভাগ দিন ও রাতে প্রসব করানোর মতো কোনো শিশুই থাকত না। ওয়ার্ড বন্ধ হলেও শিশুর জন্ম থেমে থাকবে না। সেই শিশুদের যত্নেরও প্রয়োজন হবে। প্রসববেদনায় থাকা মায়েদের এখন গাড়িতে করে অন্য কোথাও নিয়ে যেতে হবে। আর পথে এমন কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে, যেখানে সি-সেকশন বা অস্ত্রোপচার জরুরি হয়ে পড়ে, তখন অ্যাম্বুলেন্সকর্মীরা প্রাথমিক সেবা দিতে পারবেন ঠিকই, কিন্তু অস্ত্রোপচার করতে পারবেন না।
একই সময়ে গ্রিসের দ্রাকোত্রিপা গ্রামে একসময় তিনটি বিদ্যালয় ছিল। ১৯৬০-এর দশকে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল দুই শতাধিক। কিন্তু কয়েক দশক ধরে নিম্ন প্রজননহার এবং মানুষের অন্যত্র চলে যাওয়ার কারণে ২০২৫ সালে গ্রামটির সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়টিও বন্ধ হয়ে যায়। বিদায় অনুষ্ঠানে কয়েকজন সাবেক শিক্ষার্থী সশরীরে উপস্থিত হন, অন্যরা যুক্ত হন ভিডিও কলে। শেষ ব্যাচের হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী একটি বিদায়ি কবিতা আবৃত্তি করেন।
অন্যদিকে, উরুগুয়েতে প্রজননহার নেমে এসেছে নারীপ্রতি প্রায় ১ দশমিক ৪ সন্তানে। দেশটির সামনে এখন এমন এক ভবিষ্যৎ, যেখানে অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বাড়বে, আর কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে। সরকার এরই মধ্যে অর্থনীতির একটি বড় অংশ পেনশনের পেছনে ব্যয় করছিল, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ। এ পরিস্থিতিতে পার্লামেন্ট অবসরের বয়স পাঁচ বছর বাড়িয়ে দেয়। এ সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক ও লড়াই হয়। সিদ্ধান্তটি বাতিলের আশায় শ্রমিক ইউনিয়নগুলো দেশব্যাপী গণভোটের আয়োজন করে। কিন্তু সিদ্ধান্ত বাতিলের সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে দেশটিতে তরুণ প্রজন্মের শ্রমিকদেরই এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া সমাজের বাড়তি ব্যয়ের বেশির ভাগ বহন করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা হ্রাস উদযাপন করার মতো কোনো আশীর্বাদ নয়। এটি এমন এক চ্যালেঞ্জ, যার মোকাবিলা করতেই হবে এবং যা অনিবার্য। অনেক জায়গায় এরই মধ্যে পাঁচ বছর বয়সি শিশুর তুলনায় নবজাতকের সংখ্যা কম, ১০ বছর বয়সি শিশুর তুলনায় পাঁচ বছর বয়সির সংখ্যা কম এবং ১৫ বছর বয়সির তুলনায় ১০ বছর বয়সির সংখ্যা কম। যুক্তরাষ্ট্রে যেমন এ চিত্র সত্য, তেমনি সত্য আর্জেন্টিনা, ইউরোপ, ভারত, জাপানসহ বিশ্বের আরও নানা অঞ্চলে।
শিগগিরই ‘বেবি বুম’ বা জন্মহারের ব্যাপক বৃদ্ধি ঘটবে, এমনটা আশা করার কোনো কারণ নেই। জন্মহার বাড়াতে সরকারগুলো নানা ধরনের নীতি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সন্তান জন্মের জন্য এককালীন নগদ ভাতা, করছাড়, শিশুযত্নে ভর্তুকি, এমনকি জোরজবরদস্তিও। কিন্তু কোথাও এসব নীতি প্রজননহারে বড় ধরনের ও টেকসই বৃদ্ধি আনতে পারেনি। আর দূর ভবিষ্যতের কোনো প্রজন্মে মানুষ যদি বড় পরিবার গড়তেও চায়, তাতেও আজকের সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে কোনো একদিন বেশি শিশু জন্মালেও আজকের নির্মাণশ্রমিক, উদ্ভাবক, সেবাকর্মী বা করদাতার চাহিদা পূরণ হবে না। পৃথিবী জনসংখ্যা হ্রাসের দিকে এগোচ্ছে—এ বাস্তবতা স্বীকার করার এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার সময় এখনই।
প্রথম করণীয়টি বলা সহজ, যদিও বাস্তবায়ন করা কঠিন। যেসব দেশে জনসংখ্যার ঘাটতি দেখা দিচ্ছে, সেসব দেশের উচিত অস্থায়ী ও স্থায়ী—উভয় পথেই আরও বেশি অভিবাসীকে স্বাগত জানানো। আজ জন্ম নেওয়া একটি শিশুর কর্মক্ষম হতে কয়েক দশক সময় লাগবে। কিন্তু অন্য দেশে জন্ম নেওয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষ এখনই অবদান রাখতে পারেন এবং একই সঙ্গে নিজের জীবনেরও উন্নতি ঘটাতে পারেন। বিষয়টি শুধু অর্থনৈতিক নয়। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জন চিকিৎসক ও সেবাসহকারীর মধ্যে প্রায় তিনজনই অভিবাসী। গবেষকেরা দেখেছেন, যুক্তরাষ্ট্রে যখনই অভিবাসন কমেছে, তখনই দেশটির চিকিৎসাসেবার মান খারাপ হয়েছে। নার্সিং হোমে পূর্ণকালীন সেবাকর্মীর সংখ্যা কমে গেলে সংক্রমণ বাড়ে, রোগীদের বারবার হাসপাতালে ভর্তি হতে হয় এবং মৃত্যুর হারও বেড়ে যায়।
বিদেশি কর্মীদের জন্য বৈধ অভিবাসনের পথ সংস্কার ও সম্প্রসারণ করতে নতুন নিয়ম যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নতুন প্রাতিষ্ঠানিক সক্ষমতা। এর মাধ্যমে অভিবাসনপ্রক্রিয়া মানবিকভাবে পরিচালনা করা এবং অভিবাসনকে আড়াল থেকে প্রকাশ্যে আনা সম্ভব হবে। তবে প্রথম ও সবচেয়ে বড় বাধা রাজনৈতিক। উদাহরণ হিসেবে ইউরোপের কথাই ধরা যাক। মহাদেশটিতে জনসংখ্যা এরই মধ্যে কমতে শুরু করেছে। তা সত্ত্বেও জার্মানির উগ্র ডানপন্থি দল এএফডির মতো অভিবাসনবিরোধী দলগুলো ক্রমাগত ভোট পাচ্ছে।
তা ছাড়া, এমন এক পৃথিবীতে যেখানে প্রায় সব জায়গায় কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমছে, সেখানে অভিবাসনও চিরস্থায়ী সমাধান হতে পারবে না। গত তিন দশকে লাতিন আমেরিকায় প্রজননহার যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে কমেছে। ১৯৯০ সালে অঞ্চলটিতে নারীপ্রতি জন্মহার ছিল ৩ দশমিক ২, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৮-এ। যেসব দেশ এখন অভিবাসী পাঠাচ্ছে, একসময় তাদেরও নিজস্ব জনসংখ্যাগত সংকটে পড়তে হবে।
কীভাবে সেবা কমানো ও একীভূত করা হবে, সে সিদ্ধান্ত জনগোষ্ঠীগুলোর এখনই নেওয়া উচিত। জনসংখ্যা কমলে বিদ্যালয় ও ক্লিনিক বন্ধ হবেই। কিন্তু কোন এলাকার প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে? কোনো এলাকাই স্বেচ্ছায় প্রথম হতে চাইবে না। সরকারি সেবা পেতে কেউই স্বেচ্ছায় বাড়তি পথ পাড়ি দিতে রাজি হবে না। আপনা-আপনি ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, এমনটা আশা করারও কোনো কারণ নেই।
ছোট পরিসরে সেবা চালু রাখতে খরচ বেশি পড়ে, অথচ ফল পাওয়া যায় কম। অল্প জনসংখ্যার জন্য চালু রাখা জরুরি বিভাগ ব্যয়বহুল। এগুলো টিকিয়ে রাখতে ভর্তুকি প্রয়োজন হয় এবং জীবন বাঁচানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম কার্যকর। ছোট পানি সরবরাহ ব্যবস্থায় প্রতি গ্যালন পানির খরচ বেশি হয়, আর সরবরাহ করা পানিও তুলনামূলকভাবে বেশি অপরিষ্কার থাকে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে গেলে মাথাপিছু শিক্ষাব্যয় নাটকীয়ভাবে বেড়ে যায়।
একসময় ব্যয়বহুল সেবাগুলো চালু রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে হাসপাতাল বন্ধ হবে। বন্ধ হবে গ্রন্থাগার এবং আরও নানা সরকারি-বেসরকারি সেবা, যেগুলোর জন্য পর্যাপ্ত রোগী, গ্রাহক বা নাগরিক থাকবে না। বিদ্যালয়গুলো এরই মধ্যে নিম্ন জন্মহারের ধাক্কা সামলাচ্ছে। কারণ, জন্মহার কমার পর শিক্ষার্থীর সংখ্যা কমতে মাত্র কয়েক বছর সময় লাগে। যুক্তরাষ্ট্রে জন্মসংখ্যা ২০০৭ সালের ৪৩ লাখ থেকে কমে ২০২৫ সালে ৩৬ লাখে নেমে এসেছে।
প্রযুক্তিগত অগ্রগতি স্থানীয় পর্যায়ের কিছু ভৌগোলিক সীমাবদ্ধতা কমিয়ে আনতে পারে। দোকানপাট বন্ধ হয়ে গেলে ব্যাংকিং ও কেনাকাটার আরও বড় অংশ অনলাইনে সম্পন্ন হতে পারে। হয়তো সরাসরি সাক্ষাতের সুযোগ কম নিয়েই আমাদের চলতে হবে। দূরবর্তী চিকিৎসকের সঙ্গে ভিডিও কল কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে রোগনির্ণয় একজন চিকিৎসকের কাজের কিছু অংশের বিকল্প হতে পারে। কিন্তু কখনো কখনো লসিকাগ্রন্থি বা লিম্ফ নোড হাত দিয়ে পরীক্ষা করার জন্য একজন চিকিৎসকের উপস্থিতি প্রয়োজন হয়।
সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীগুলো হয়তো এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার দায় অন্য এলাকা বা অন্য জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দিতে পারবে। কিন্তু এসব বন্ধ হয়ে যাওয়া এবং ক্ষতির বোঝা শেষ পর্যন্ত কারও না কারও ওপর পড়বেই। এ মুহূর্তে টেক্সাস থেকে ভারমন্ট পর্যন্ত বিদ্যালয় একীভূতকরণ নিয়ে রাজনৈতিক বিরোধ চলছে। চীনে বিদ্যালয় বন্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েক দশক আগে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ পরিবার, নৃতাত্ত্বিক সংখ্যালঘু ও মেয়েরা।
আপনার জনগোষ্ঠী কী ধরে রাখবে আর কী বন্ধ করতে বাধ্য হবে, তা অন্য কোনো জনগোষ্ঠীর সিদ্ধান্তের সঙ্গে নাও মিলতে পারে। তবে কোনো সংকীর্ণ স্বার্থগোষ্ঠীকে আগে পদক্ষেপ নিতে দেওয়ার অপেক্ষায় না থেকে আগেভাগেই পরিকল্পনা করা ভালো—কোন সেবা ভাগাভাগি করা যায় এবং কোন সেবা বন্ধ করতেই হবে। প্রতিটি দেশের সরকারকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে—কে বেশি দিন কাজ করবে, কে বেশি অর্থ দেবে এবং কে কম সুবিধা পাবে। খুব সম্ভবত এই তিনটি সিদ্ধান্তই নিতে হবে।
বিশেষজ্ঞরা কয়েক দশক ধরেই এ বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে আসছেন। আধুনিক কল্যাণরাষ্ট্র গড়ে উঠেছিল অপেক্ষাকৃত তরুণ জনসংখ্যার একটি পৃথিবীকে সামনে রেখে। পূর্বাভাস অনুযায়ী, আজ জন্ম নেওয়া একটি শিশু যখন প্রথম শ্রেণিতে উঠবে, তত দিনে মার্কিন সোশ্যাল সিকিউরিটির অবসরকালীন ট্রাস্ট ফান্ড নিঃশেষ হয়ে যাবে। কংগ্রেস কোনো পদক্ষেপ না নিলে তখন স্বয়ংক্রিয়ভাবে ভাতা ২২ শতাংশ কমে যাবে।
জনসংখ্যা পরিবর্তনের আর্থিক খরচ কেবল পেনশনের অর্থ বা স্বাস্থ্যসুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়। ২০৬০ সালের মধ্যে ৫০ বছরের বেশি বয়সি ৬০ লাখের বেশি মার্কিন নাগরিকের জীবিত কোনো সঙ্গী, সন্তান, ভাইবোন বা মা-বাবা থাকবে না। ২০১৫ সালে এ সংখ্যা ছিল প্রায় ২০ লাখ।
দায়িত্ব ভাগ করে নেওয়ার মতো পরিবারের সদস্য কমে যাওয়ায় সবাইকে অর্থের বিনিময়ে সেবা নেওয়ার জন্য আরও বেশি প্রস্তুত থাকতে হবে। আর সমাজ যদি বাড়তি করের মাধ্যমে এ ব্যয় মেটাতে রাজি না হয়, তাহলে এ কাজ করবে কে? বাধ্য হয়ে শেষ আত্মীয়টি? নাকি কেউই না?
অতীতে পরিবারের মূল্যবান অবদানগুলো আসত ভালোবাসা ও কর্তব্যবোধ থেকে। এসব কাজের জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। তাই জাতীয় হিসাবেও কখনো এর প্রতিফলন ঘটেনি। কিন্তু এসব অবদানের অনুপস্থিতি শিগগিরই অনুভূত হবে—হয় বাজেটে, নয়তো প্রয়োজনীয় সেবা না পাওয়ার মাধ্যমে।
দীর্ঘমেয়াদি সেবা ও প্রতিবন্ধিতাজনিত সেবার জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হলে আর্থিক ঘাটতি বর্তমান পেনশন হিসাবের তুলনায় আরও গভীর হবে। আর শুধু সরকারি ব্যয় বাড়ালেই চলবে না। সেই ব্যয় ন্যায্য ও দক্ষভাবে পরিচালনার জন্য নতুন নিয়ন্ত্রক অবকাঠামোও প্রয়োজন হবে। এআইয়ের ঝুঁকি, বিদেশের যুদ্ধ এবং গণতন্ত্রের পশ্চাৎপসরণের মতো বিষয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে সেবামূলক কাজের দিকে মনোযোগ আকর্ষণ করা কঠিন হবে। তবে একে অপরের যত্ন নেওয়ার নতুন পদ্ধতি গড়ে তোলা, যা একই সঙ্গে সহমর্মী ও ন্যায্য হবে, তা উদযাপন করার মতো একটি অর্জন।
আমরা যা-ই আশা করি না কেন, জনসংখ্যা হ্রাসের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সহজ হবে না। বিষয়টি আপনাআপনিও ঘটবে না। তবু আমাদের রাজনীতি, সৃজনশীলতা, দূরদর্শিতা ও সহমর্মিতার মাধ্যমে পরিস্থিতির দাবি পূরণ এবং কঠিন সিদ্ধান্তগুলো যথাযথভাবে নেওয়ার সুযোগ রয়েছে। মানুষ যা করে এবং যা দিয়ে থাকে, তার বড় অংশের বিকল্প যদি মানবজাতি খুঁজে পায়, সেটি হবে এক ধরনের সাফল্য। কিন্তু তাতে গুরুত্বপূর্ণ সবকিছু ধরা পড়বে না।
ছোট হয়ে আসতে থাকা পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষতিটিই হয়তো সবচেয়ে কম চোখে পড়বে। এমন শত শত কোটি জীবন সম্ভব ছিল, যেগুলো সুন্দর হতে পারত। কিন্তু জনসংখ্যা হ্রাসের ভবিষ্যতে সেই জীবনগুলো আর যাপন করা হবে না। তাই বাজেট ও সেবা একীভূতকরণের ব্যবহারিক প্রশ্নের বাইরেও একটি প্রশ্ন থেকে যায়— আসলে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? শত শত কোটি কম মানুষ যদি ভবিষ্যৎ দেখার সুযোগ পায়, তাতে কি কিছু আসে যায়? এ প্রশ্ন আমাদের প্রত্যেকেরই ভেবে দেখা উচিত।
মানুষ, তাদের জীবন ও অভিজ্ঞতা— সবই নিজেরাই মূল্যবান। জনসংখ্যা হ্রাসের ভবিষ্যতে আমরা হয়তো অনেক কিছু অর্জন করতে পারব। কিন্তু যে জীবন কখনো যাপনই করা হলো না, তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কোনো উপায় নেই।
সময়ের আলো/ইউএমএইচ